কাঠ পাচারের অভিযোগে বন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা!
কাঠ পাচারের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলায় বন বিভাগের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঈদগড় ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল কবির ৫ জানুয়ারি রামু থানায় মামলাটি করেন।এ মামলায় বন বিভাগের ঈদগড় বিট কর্মকর্তা শাখাওয়াত উল্লাহ, ঈদগাঁও ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা আবদুল ওহাব, জিপচালক জসিম উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। তবে বন বিভাগের কর্মকর্তারা এ মামলাটি সম্পূর্ণ সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ জানুয়ারি ভোরে ঈদগড় এলাকা থেকে একটি চান্দের গাড়িতে (জিপে) করে ঈদগড়ের সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচারকালে নুরুল কবির থানায় খবর দেন। তখন ঈদগড় পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ূব উল্লাহ কাঠবোঝাই জিপটি আটক করেন। পুলিশ জিপটি থানায় আনার সময় ঈদগড় বিট কর্মকর্তা শাখাওয়াত উল্লাহ ও জিপচালক জসিম উদ্দিনসহ আরও কয়েকজন বাধা দেন। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে জিপটি থানায় নিয়ে আসার সময় ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় গাড়িটি পৌঁছালে বিট কর্মকর্তা আবদুল ওহাব স্থানীয় কিছু কাঠ চোরদের নিয়ে গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঈদগড় বিট কর্মকর্তা শাখাওয়াত উল্লাহ অবৈধ কাঠবোঝাই গাড়িপ্রতি দুই হাজার দুই শত টাকা করে উৎকোচ নিয়ে কাঠ পাচারে সহযোগিতা করেন। শাখাওয়াত উল্লাহ পাল্টা অভিযোগ করে বলেন, কাঠবোঝাই জিপটি ঈদগড় বন বিভাগ আটক করে বিট কার্যালয়ে নেওয়ার সময় পুলিশ বাধা দিয়ে থানায় নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়। বন আইনের ৫২ ধারামতে, গাড়িটি বন বিভাগের হেফাজতে নেওয়ার বিধান রয়েছে। কিন্তু মোটা অঙ্কের উৎকোচ আদায়ের উদ্দেশ্যে পুলিশ গাড়িটি নিয়ে যায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, ‘উৎকোচ আদায়ের উদ্দেশ্যে পুলিশ গাড়িটি আটক করেছে, এ অভিযোগ সত্য নয়।’