কাঠ পোড়ানোয় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ ব্যবহার করায় মাদারীপুরের সাতটি ভাটাকে সর্বমোট ৩ লাখ ৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মো. সেলিম রেজা। আদালত মাদারীপুর সদরের কাজীরটেক ফেরিঘাট এলাকার হেমায়েত কাজীর কেএইচবি ব্রিকসকে ৮০ হাজার, ইমার সিপাহীর এসইআর ব্রিকসকে ৭০ হাজার, জেএম হাওলাদারের নাদীম ব্রিকস, আলমগীর হোসেনের অগ্রণী ব্রিকস ও মাহাবুবুর রহমান ভূঁইয়ার এমআরবি ব্রিকসকে ৫০ হাজার করে এবং খালিদ হোসেন মিয়ার এএইচবি ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া কালকিনি উপজেলার জামাল সর্দারের বিএসএন ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৬ নম্বর ধারা লঙ্ঘন করে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।