কাঠ বোঝাই ট্রাক নিয়ে বনদস্যুরা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চণ্ডীপুরের বন চেক পয়েন্টে গত বৃহস্পতিবার বন কর্মকর্তাকে ধাক্কা দিয়ে ফেলে ট্রাকবোঝাই অবৈধ কাঠ নিয়ে গেছে বনদস্যুরা। এ ঘটনায় কমলগঞ্জ পৌরসভার মেয়রকে রাতেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে চণ্ডীপুর বন চেক পয়েন্টে আকাশ মণি ও অন্যান্য জাতের কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেন বন বিভাগের রাজকান্দি রেঞ্জের ডেপুটি রেঞ্জার সুলতানুল আলম চৌধুরীসহ বন কর্মীরা। তখন ট্রাকে থাকা বনদস্যুরা বন কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমশেদ ঘটনাস্থলে এসে হোম পারমিটের (বাড়ির অনুমোদন করা) গাছ হলে ট্রাক না আটকিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সুযোগে বনদস্যুরা বন কর্মকর্তা সুলতানুল আলমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কাঠ বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপর্যায়ে এ খবর পৌঁছালে রাত ১০টার দিকে কমলগঞ্জ থানায় উপস্থিত হয়ে মেয়র ইব্রাহীম জমশেদ ও বন কর্মকর্তা সুলতানুল আলমকে কমলগঞ্জ থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী। ভোর পাঁচটার দিকে সহকারী বন কর্মকর্তা ও পৌর মেয়রকে ছেড়ে দেওয়া হয়।ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী গতকাল শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বৈধ কাগজপত্র থাকলে ট্রাক নিয়ে পালানোর প্রয়োজন ছিল না। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছিল, অবৈধ এই কাঠ পাচারের সঙ্গে মেয়র জড়িত। তাই তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।