কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলা, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে আওয়ামী লীগের সমর্থক তিন যুবক এক কাঠ ব্যবসায়ীকে মারধর, কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে কর্মচারীকে মারধর এবং প্রায় দুই লাখ টাকা লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে রাঙামাটি শহরে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে কাঠ ব্যবসায়ীরা শহরের বনরূপা এলাকায় দুপুর ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টা রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করেন।যুবকদের হামলায় আহত ব্যবসায়ী সমিতির অফিস সহকারী আবদুল কুদ্দুসকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম পাঠানো হয়েছে।এ ঘটনায় সমিতির পক্ষ থেকে একটি ও হামলার শিকার কাঠ ব্যবসায়ী মিহির ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।কাঠ ব্যবসায়ী মিহির বৈরাগী অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থক তিন যুবক প্রয়াস চাকমা ওরফে ক্লিন, মো. নাছির ও অন্য এক যুবক তাঁকে প্রথমে শহরের হ্যাপী হোটেল মোড়ে মারধর করেন। পরে তাঁরা বনরূপা এলাকায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে গিয়ে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের গালিগালাজ ও সমিতির কর্মচারী মো. আবদুল কুদ্দুসকে মারধর করেন। কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য মো. মনসুর অভিযোগ করেন, যুবকেরা সমিতির কার্যালয়ে ঢুকে তাঁদের গালিগালাজ করেন। এ সময় তাঁরা সমিতির এক লাখ ৮৯ হাজার ৭০০ টাকা লুট করে নিয়ে যান।মিহির জানান, তিনি কাঠ ব্যবসায়ী প্রয়াস চাকমার কাছে ৫০ হাজার টাকা পাওনা আছেন। প্রয়াস তা পরিশোধে বেশ কিছুদিন ধরে গড়িমসি করছিলেন। এ ব্যাপারে তিনি উপজাতীয় কাঠ ব্যবসায়ী, জোত মালিক কল্যাণ সমিতি এবং রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কাছে অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই হামলা ও লুটপাট চালানো হয়েছে।কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রেহানা পারভীন জানান এ ঘটনায় দুটি মামলা হয়েছে।