কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় লিয়াকত আলী মোল্লা নামের এক কাঠ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বানিয়াজুরী বাজারে নিজের কাঠ চেরাইয়ের কলে খুন হন তিনি।নিহত লিয়াকতের (৬৫) বাড়ি উপজেলার শোলধরা গ্রামে। এ ব্যবসা শুরুর আগে তিনি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ছিলেন।ঘটনার পর থেকে ওই কলের দুই কর্মচারী পলাতক রয়েছেন।পুলিশ ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সকালের খাবার নিয়ে লিয়াকতের ছেলে শুভ ওই কাঠ চেরাইয়ের কলে যান। সেখানে দ্বিতীয়তলার কক্ষে লিয়াকতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন শুভ।পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন গতকাল বিকেলে বলেন, লিয়াকতের মাথায় ও গলায় গুরুতর জখম রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।