কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জের ভৈরবে ইমান আলী (৪৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর ছোট ভাই মুছা মিয়া হত্যার অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার ভৈরব থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
ইমান আলী ভৈরব পৌর শহরের জগন্নাথপুর কান্দাপাড়া মহল্লার বাসিন্দা। ওই ঘটনায় ভৈরব পৌরসভার সাবেক কমিশনার একই এলাকার মতি মিয়াকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, ইমান আলী ব্যবসা করেন ভৈরব বাজারে। নিজ এলাকায় একটি করাতকল আছে। সমাজব্যবস্থা নিয়ন্ত্রণ করা নিয়ে অনেক আগে থেকে মতির সঙ্গে তাঁদের শত্রুতা তৈরি হয়। কিছুদিন আগেও মতির লোকজন সড়কে ফেলে ইমান আলীকে হত্যার চেষ্টা করে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে করাতকলে কাজ শেষে মোটরসাইকেলযোগে ইমান আলী বাড়ি ফিরছিলেন। কিছুটা সামনে এগোতেই মতি মিয়া তাঁর ভাতিজা বশির ও মিলন মিয়াকে সঙ্গে নিয়ে ইমান আলীর মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর লাঠি দিয়ে পেটান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে দেখতে পান, ইমান আলী অচেতন অবস্থায় সড়কের পাশে পড়ে আছেন। রাতেই তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির ছোট ভাই মুছা মিয়া বলেন, মতি দুষ্ট প্রকৃতির। সমাজে অপরাধ করে বেড়ানোর কারণে দেড় যুগ আগে আমার ভাই তাঁকে কয়েকটি চড় মেরেছিলেন। সেই থেকে আমরা মতির রোষানলে পড়ি। কিছুদিন আগে সাধারণ ঘটনা নিয়ে মতির সঙ্গে আবার তর্ক হয়। তখন থেকে তিনি হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এদিকে ঘটনার পর থেকে মতি ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে নেই। তাঁর মুঠোফোনটি বন্ধ আছে। তবে মতির ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, ইমান আলীর সঙ্গে বিরোধ থাকলেও বুধবার রাতের ঘটনার সঙ্গে মতির কোনো সম্পৃক্ততা নেই। ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) অলিউর রহমান জানান, ময়নাতদন্তের জন্য ইমান আলীর মৃতদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।