কাঠ ব্যবসায়ীদের দ্বন্দ্ব কাউখালীতে সাত ঘণ্টা সড়ক অবরোধ
পাওনা টাকা পরিশোধ নিয়ে দুই দল কাঠ ব্যবসায়ীর মধ্যে মারামারির পর রাঙামাটির কাউখালী উপজেলায় গতকাল সোমবার সাত ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।অবরোধের সময় কয়েকজন সরকারি কর্মচারীসহ ১৫ জন লাঞ্ছিত হন বলে জানা গেছে। লাঞ্ছিত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আবসার হোসেন (২৮), আবুল হাসেম (৩৫) ও সুপেন চাকমা (৩২)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দাউদ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটের কাঠ ব্যবসায়ী নুরুল ইসলাম (২৮) কাউখালী উপজেলার নুরুল হুদাকে বেশ কিছু দিন আগে তিন লাখ ৮২ হাজার টাকা দেন। এর মধ্যে এক লাখ ৪০ হাজার টাকা ফেরত দেওয়ার পর বাকি টাকা পরিশোধের জন্য নুরুল ইসলাম নুরুল হুদাকে চাপ সৃষ্টি করতে থাকেন। পরে টাকা আদায়ের জন্য গত রোববার রাতে কয়েকজন সঙ্গী নিয়ে নুরুল ইসলাম নুরুল হুদাকে একটি অটোরিকশায় তুলে কাউখালী থেকে রানীরহাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে চেষ্টা করলে নুরুল হুদা এবং তাঁর দুই বন্ধু মো. সেলিম ও বাবুল মিয়া আহত হন। তাঁদের মধ্যে নুরুল হুদাকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নুরুল ইসলামের বড় ভাই ওমর ফারুক অভিযোগ করেন, তাঁর ভাই পাওনা টাকা চাইতে গেলে নুরুল হুদা ও তাঁর বন্ধুরা নুরুল ইসলামকে অপহরণের চেষ্টা চালান। এ সময় বাধা দিতে গেলে নুরুল ইসলামের ব্যবসার অংশীদার মো. মাসুদ ও মো. হাসানকে মারধর করা হয়।ওমর ফারুক স্বীকার করেন, পাওনা টাকা পেতে যেন প্রশাসন ব্যবস্থা নেয় সে কারণে সড়ক বন্ধ করা হয়েছিল। তবে রানীরহাট-কাউখালী সড়কে যাত্রীদের লাঞ্ছিত করার কথা তিনি অস্বীকার করেন।