কাঠখড় পোড়ানো গণপাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেরাইদ গণপাঠাগারে বই-পত্রিকা পাঠে ব্যস্ত পাঠকেরা। গত বৃহস্পতিবার দুপুরে ছবিটি তুলেছেন আবদুস সালাম
বেরাইদ গণপাঠাগারে বই-পত্রিকা পাঠে ব্যস্ত পাঠকেরা। গত বৃহস্পতিবার দুপুরে ছবিটি তুলেছেন আবদুস সালাম

বারিধারা নতুনবাজার থেকে পূর্বমুখী পাকা সড়ক ধরে পাঁচ কিলোমিটারের মতো গেলে বেরাইদ এলাকা। এই বেরাইদের ভূঁইয়াপাড়ায় একটি পাঠাগার আছে। নাম বেরাইদ গণপাঠাগার। ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করেন এখানকার কৃতী ব্যক্তি এমদাদ হোসেন ভূঁইয়া। পাঠাগারটির বয়স যদি হয় ১৫ বছর, তবে এর প্রতিষ্ঠার পেছনের গল্প আরও ১৫ বছরের।
সাল ১৯৮৬। ছাত্রজীবন থেকেই বইপ্রেমী এমদাদ ওই বছর গঠন করেন ‘বেরাইদ গ্রন্থসুহৃদ সমিতি’। যার একশ বই আছে, তাকেই দেওয়া হতো ‘গ্রন্থসুহৃদ’ উপাধি। ছেলেমেয়েদের বইপড়া ও সংগ্রহে উৎসাহিত করাই ছিল এর উদ্দেশ্য। পাশাপাশি ব্যক্তিগত সংগ্রহ থেকে শুরু করলেন বই ধার দেওয়া। সে সময় পাঠকদের আগ্রহ ছিল মূলত নীহাররঞ্জন গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের বইয়ের প্রতি। ধার দিতে দিতে ব্যক্তিগত সংগ্রহের বইয়ের সংখ্যা এসে ঠেকে মোটে তিন শতে। অবশেষে সহধর্মিণীর একান্ত সহযোগিতায় নিজ বাড়ির একাংশে চালু করলেন পাঠাগার। বই পড়তে আসার আমন্ত্রণ জানিয়ে গেলেন এলাকাবাসীর কাছে। শুনতে হলো তির্যক সব মন্তব্য।
৪ সেপ্টেম্বর সকালের দিকে নতুনবাজার থেকে অটোরিকশায় চেপে বেরাইদ গণপাঠাগারে পৌঁছাই। ভূঁইয়াবাড়ির নিচতলায় পাঠাগারটি। টিনশেডের ঘরের দেয়ালে গ্রন্থাগার বিষয়ে হেনরিক ইবসেন, ভিনসেন্ট স্ট্যারেটসহ কয়েকজন মনীষীর বাণী বাঁধাই করে টাঙানো। আছে বেরাইদের বিশিষ্টজনদের দুর্লভ ছবি। আছে ১৯৩৩ সালে ড. মুহম্মদ শহীদুল্লাহকে দেওয়া বেরাইদবাসীর সংবর্ধনাপত্রও।
বেরাইদ গণপাঠাগারকে আজকের পর্যায়ে আনতে কাঠখড় কম পোড়াতে হয়নি এমদাদ হোসেন ভূঁইয়াকে। শুরুতেই তিনি উপলব্ধি করেন, ৪০ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিদের পাঠাগারে আনা কঠিন। কারণ, তাঁরা সংসার, চাকরিবাকরি, কাজকর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকেন। সেই চিন্তা থেকে ৩০-এর কম বয়সীদের পাঠক হিসেবে ঠিক করা হয়। এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটিতে থাকার সুবাদে এ ক্ষেত্রে কিছুটা সফল হন এমদাদ। এই পাঠাগারে তাই শিক্ষার্থী-পাঠকই বেশি।
জানা গেল, সকাল ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখা হয় পাঠাগারটি। সপ্তাহের সাত দিনই খোলা। প্রবীণ গ্রন্থাগারিক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, এ মুহূর্তে তাঁদের বইয়ের সংখ্যা ২ হাজার ২৭১। কার্ডধারী পাঠক ছয় শর মতো। জামানত ছাড়াই কার্ড জমা দিয়ে পাঠকেরা বই বাসায় নিতে পারেন। আর সারা দিনে পাঠক কম-বেশি এক শ জনের মতো হয়। এর মধ্যে ১৫-২০ জন নারী। এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নাদিয়া ইসলাম রুমকি। অষ্টম শ্রেণি থেকেই এই পাঠাগারে বই পড়ছে নাদিয়া। ওর প্রিয় লেখক হুমায়ূন আহমেদ। তবে সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় ইদানীং পাঠাগারে কম আসা হয় বলে জানাল নাদিয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রভাষক ওমর ফারুক ছাত্রজীবন থেকেই এই পাঠাগারের সঙ্গে যুক্ত। বেরাইদের বাসিন্দা ওমর ফারুক বলছিলেন, স্থানীয় ছেলেমেয়েদের পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বেরাইদ গণপাঠাগারের একটা অবদান নিশ্চয় আছে। তবে যারা একটু গভীর পড়াশোনায় আগ্রহী, তাদের জন্য সেসব বইয়ের অভাব হয়তো আছে।
এই পাঠাগারের বৈশিষ্ট্য হলো, প্রতি রাতে এখানে ইংরেজি শেখার আসর বসে। পাঠকদের মধ্যে যারা ইংরেজি বলা ও লেখায় অপেক্ষাকৃত দুর্বল, কয়েকটি দলে ভাগ করে তাদের ইংরেজি শেখানো হয়। পারিশ্রমিক ছাড়াই এ কাজটি করেন বেরাইদ মুসলিম হাইস্কুলের ইংরেজির শিক্ষক সৈয়দ লুৎফর রহমান। দিনাজপুরের বিরামপুরের বাসিন্দা লুৎফর চাকরি নিয়ে এই স্কুলে আসেন ২০০৯ সালে। একসময় যুক্ত হয়ে পড়েন এই পাঠাগারের সঙ্গে।
২০০৭ সালে চালু করা হয়েছিল ভ্রাম্যমাণ পাঠাগার। বেরাইদের বাড়ি বাড়ি গিয়ে বই দেওয়া ও সংগ্রহ করা হতো। তবে ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় আপাতত বন্ধ আছে এই উদ্যোগ।
এমদাদ হোসেন ভূঁইয়া বলেন, আক্ষরিক অর্থে পাঠাগারটির আয় নেই। তবে খরচ কম নয়। গ্রন্থাগারিকের বেতন চার হাজার টাকা। পত্রিকা বিল আসে এক হাজার টাকা। প্রতি বছরই কেনা হয় নতুন বই। বছরে সাকল্যে খরচ প্রায় দুই লাখ টাকা। সাত সদস্যের পরিচালনা কমিটি এই অর্থ দিয়ে থাকে। এর বাইরে কারও কাছ থেকে কোনো ধরনের আনুকূল্য নেওয়ার সুযোগ নেই।
বছর পঞ্চাশের এমদাদ হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে বেসরকারি গ্রন্থাগারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। চলতি বছরের শুরুতে বেরাইদে বেসরকারি গ্রন্থাগার সম্মেলনে এই দাবির কথা আবারও বলেন তিনি। তাঁর কথা, অন্তত গ্রন্থাগারিকের বেতনটা সরকার থেকে দেওয়া হোক।