কাঠগড়া থেকে পালালেন মেয়র, গ্রেপ্তারি পরোয়ানা
ভূমিদস্যুতার অভিযোগে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র হিটলার চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। ওই মামলায় আদালতের কাঠগড়া থেকে পালিয়ে এলে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে ধরছে না। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মামলার বাদী উমেশ চন্দ্র রায়।অভিযোগে জানা যায়, শহরের বাইপাস সড়কে বোতলাগাড়ী এলাকায় দুই একর সাড়ে ৬৪ শতক জমি জাল দলিল করে কেনেন হিটলার চৌধুরী ওরফে আকবর চৌধুরী ভুলু ও ব্যবসায়ী শাহনেওয়াজ আহমেদ। পরে জমির প্রকৃত মালিক উমেশ চন্দ্র রায় সাতজনের নামে ২০০৯ সালের ৭ ডিসেম্বর আদালতে মামলা করেন। আসামিরা ৮ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে যান। হিটলার চৌধুরীর জামিন নামঞ্জুর হয়। এ সময় আদালতের কাঠগড়া থেকে হিটলার চৌধুরী পালিয়ে যান এবং অন্য আসামিদের জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হলে তৎক্ষণাৎ হিটলার চৌধুরীর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আদালতে হাজির না হওয়া অপর আসামি শাহনেওয়াজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার বাদী উমেশ চন্দ্র রায় ও তাঁর ছেলে কার্তিক চন্দ্র রায় অভিযোগে জানান, আসামি হিটলার চৌধুরী প্রভাবশালী ব্যক্তি। তাই তিনি শহরে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে ধরছে না। অথচ পুলিশ বলছে, আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। হিটলার চৌধুরীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার জানান, ‘আমি শুনেছি হিটলার চৌধুরী আওয়ামী লীগের কেউ নন।’