কাঠগড়া থেকে পালালেন ৪ আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলার চার আসামি আদালত থেকে পালিয়েছেন। জামিন বাতিল হওয়ার পরপরই তাঁরা বিচারের কাঠগড়া থেকে পালান।

এই পলাতক আসামিরা হলেন—আশিকুর রহমান, খান মোহাম্মদ ওরফে রইস, মাহবুব আকরাম ও ইশতিয়াক।

এ ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান।

আজ রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ এই মামলার সাক্ষ্যগ্রহণ ও ছয় আসামির জামিন বাতিলের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। বিচারক এ বি এম নিজামুল হক আসামিদের জামিন বাতিলের আদেশ দেওয়ার পর আদালতে উপস্থিত ওই চার আসামি কাঠগড়া থেকে পালান।

অন্য দুই আসামি রাশেদুল ইসলাম ও জাহেদুল খানের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলার অন্য সাত আসামি জামিনে রয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এস এম রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামিন বাতিল বিষয়ক আদেশ হওয়ার পরপরই কাঠগড়া থেকে আসামিরা পালিয়ে যান। এ সময় আদালতে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ছিল না বলে তিনি জানান।

পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আজ আদালতের আদেশের আগে পালিয়ে যাওয়া এ চার আসামিসহ ১৩ আসামি জামিনে ছিলেন। আসামিরা পুলিশের হেফাজতে ছিলেন না। তিনি আরও বলেন, আসামিদের জামিন হতে পারে কিংবা পুলিশ হেফাজতে নেওয়া হবে—বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়নি। জামিন বাতিল করে পুলিশের হেফাজতেও আসামিদের বুঝিয়ে দেওয়া হয়নি। আদালতের হেফাজত থেকে আসামিরা পালিয়েছেন।

২০১২ সালের ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান জুবায়ের। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আশুলিয়া থানা পুলিশ। ওই বছরের ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে  আদালত অভিযোগ গঠন করেন।