কাঠগড়া থেকে পালিয়েছে আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে এক আসামি হ্যান্ডকাপ খুলে পালিয়ে গেছে। আজ বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে আমজাদ হোসেন নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

আমজাদ হোসেনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার নাথপাড়া গ্রামে।

সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওসমান গনি বলেন, স্ত্রী আছিয়া খাতুনকে হত্যার অভিযোগে ২০১৬ সালের ১৮ অক্টোবর আমজাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলকও জবানবন্দি দিয়েছেন।
ওসমান গনি জানান, আগামী ২২ অক্টোবর এই হত্যা মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন নির্ধারিত রয়েছে। এ মামলার ধার্য দিন ছিল ১৮ সেপ্টেম্বর। কী কারণে এবং কেন তাঁকে আজ বুধবার আদালতে আনা হলো, তা তাঁর জানা নেই।

সাতক্ষীরা কারাগার থেকে অনির্ধারিত দিনে আসামিকে আদালতে পাঠানো ও কাঠগড়া থেকে তাঁর পালানো সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট আবু সাহেদ জানান, আজ আমজাদ হোসেনের মামলার দিন ছিল। সকাল সোয়া আটটার দিকে কোর্ট পুলিশ এসে তাঁকে নিয়ে গেছে। তারপর তিনি কীভাবে পালিয়েছেন, তা তাঁদের জানার কথা নয়।

আদালত থেকে আসামি পালানোর ঘটনা নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক আশরাকুল বারী বলেন, আসামি আমজাদ হোসেনের মামলার শুনানির জন্য প্রথমে আজ ২০ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হলেও পরে তা পরিবর্তন করে ১৮ সেপ্টেম্বর করা হয়। কিন্তু পরিবর্তিত তারিখ যেকোনো কারণে জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। তাই ১৮ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হয়নি। তবে সেদিন আদালত ২২ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন। আগের তারিখ অনুযায়ী আজ তাঁকে হাজির করা হয়েছিল।