কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের দিকে জুতা ছুড়ে মারায় হত্যা মামলার এক আসামিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম বাবুল মিয়া (২২)।
তবে আসামি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, আদালতে এ পর্যন্ত ৩০টি তারিখ ধার্য হওয়ার পরও সাক্ষ্য গ্রহণ হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেন। এ জন্য তিনি অনুতপ্ত।
গতকাল সকালে ওই আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। সকালে বাবুল মিয়াকে আদালতে হাজির করা হয়। কিন্তু সাক্ষীরা কেউ উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এ সময় কাঠগড়ায় থাকা আসামি বাবুল মিয়া ক্ষুব্ধ হয়ে একটি জুতা বিচারকের দিকে ছুড়ে মারেন। এ ঘটনার পর তৎক্ষণাৎ বাবুল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে আবার আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বিচারক আকবর হোসেন মৃধা আসামি বাবুল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, সিলেটের দলদলি চা-বাগান এলাকায় ২০১০ সালের ৩১ আগস্ট বাদশা মিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত একমাত্র আসামি বাবুল মিয়া। ওই বছরের ৬ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিলের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।