কাঠগড়ায় মুঠোফোন বেজে ওঠায় সাক্ষী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার সময় মুঠোফোন বেজে ওঠায় এক ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এ ঘটনা ঘটে। জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল আদালতে হাজির হন সদর উপজেলার নেবাখালী গ্রামের আজিয়ার রহমানের ছেলে আবুল হাসান (৩৫)। দুপুর সাড়ে ১২টায় সাক্ষ্য গ্রহণকালে তাঁর মুঠোফোন জোরে শব্দ করে বেজে ওঠে। এতে আদালতে উপস্থিত আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিচলিত বোধ করেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা আদালতের ভেতরে মুঠোফোন বন্ধ রাখার বিষয়টি ভারপ্রাপ্ত বিচারক আবদুর রব হাওলাদারকে অবহিত করেন। তখন আদালত সাক্ষী আবুল হাসানকে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য আদালতের পুলিশ পরিদর্শককে নির্দেশ দেন। পরে পুলিশ আবুল হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ পরিদর্শক মোল্লা মোজাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা থেকে বিকেল সোয়া পাঁচটার দিকে আবুল হাসানকে আদালতে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারকৃত আবুল হাসান সাংবাদিকদের বলেন, তিনি অশিক্ষিত মানুষ। আদালত সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই।