কাঠচোরদের থাবায় উজাড় হচ্ছে সংরক্ষিত বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংঘবদ্ধ কাঠচোরদের থাবায় উজাড় হচ্ছে বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগরের তীরের সংরক্ষিত টেংরাগিরি বন। প্রতিদিন এখান থেকে পাচার হচ্ছে কয়েক হাজার সুন্দরী, কেওড়া, বাইন, গেওয়া ও অন্যান্য গাছ। এতে বনের অস্তিত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।গত ১৫ দিনে পাচারের সময় কাঠচোরদের তিনটি ট্রলারসহ প্রায় ১০০টি সুন্দরী ও গেওয়াগাছ বন বিভাগের কর্মকর্তারা আটক করেন। এসব কাজে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তার অভিযোগ রয়েছে।বন বিভাগের তালতলী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৪ জুলাই উপজেলার নিশানবাড়িয়া বিটের টেংরাগিরি বন থেকে সুন্দরী গাছ কেটে ইঞ্জিনচালিত একটি নৌকায় পাচারকালে ফেচুয়ার খাল থেকে বন বিভাগের কর্মকর্তারা ১৫টি সুন্দরীগাছ-বোঝাই একটি নৌকা আটক করেন। ৬ জুলাই পাচারকালে বন বিভাগের কর্মকর্তারা ৮৫টি সুন্দরী ও কেওড়াগাছ-বোঝাই দুটি ট্রলার আটক করেন।সম্প্রতি দায়িত্ব নেওয়া নিশানবাড়িয়া বিট কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘আমরা স্থানীয় লোকজনের সহায়তায় ১৪ জুলাই একটি ট্রলারসহ কিছু সুন্দরীগাছ আটক করেছি। তবে এর সঙ্গে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা নেই।’বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা ওবায়েদুল্লাহ বলেন, ‘বন পাহারা দেওয়ার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম আমাদের নেই। এ ছাড়া স্থানীয় লোকজন আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’পটুয়াখালী-বরগুনা জেলার উপবিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) গোবিন্দ চন্দ্র রায় বলেন, ‘টেংরাগিরি থেকে গাছ পাচারের সঙ্গে বন বিভাগের তালতলী কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।