জোটের একটি দেশের অনমনীয় অবস্থানের কারণে শেষ পর্যন্ত সার্ক শীর্ষ সম্মেলনের তালিকায় থাকা তিন চুক্তির একটিও সই হচ্ছে না। মোটরযান ও রেল চলাচল চুক্তি যে সই হচ্ছে না, তা গত রোববার পররাষ্ট্রসচিবদের প্রথম দিনের বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছিল।
গতকাল সোমবার সচিবদের বৈঠকের শেষ দিনের শুরুতে বিদ্যুৎ খাতে সহযোগিতা চুক্তি নিয়ে সম্ভাবনা দেখা দিয়েছিল। দিন শেষে চুক্তিটি নিয়ে আশার সে আলোও হারিয়ে গেছে।
গতকাল সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠকের পর ওই তিন চুক্তি নিয়ে পরিস্থিতিটা এমন হলেও আশার বাণী শোনাচ্ছেন কূটনীতিকেরা। বৈঠকের পর র্যাডিসন হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব শঙ্কর দাশ বৈরাগী বলেন, ‘বিদ্যুৎ খাতে সহযোগিতা চুক্তি সইয়ের ব্যাপারে আমরা এখনো আশাবাদী। এ নিয়ে আলোচনা চলছে।’
এদিকে, বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে পৃথক এক ব্রিফিংয়ে কাঠমান্ডুর সলটি হোটেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, চুক্তি সইয়ের ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। যেখানে দ্বিমত আছে, সেটি সুরাহার জন্য মঙ্গলবার (আজ) অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।
কাঠমান্ডুর সিটি হলে আগামীকাল বুধবার দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। দুই দিনের এ শীর্ষ সম্মেলনে মোটরযান, রেল চলাচল ও বিদ্যুৎ খাতে সহযোগিতার তিনটি রূপরেখা চুক্তি সইয়ের কথা ছিল।
সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে নেপালে আসছেন। আর আজ থেকে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল বিকেলে নেপালে পৌঁছান।
বোঝাপড়া নিয়ে তিক্ততা: নেপালের কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিবদের দ্বিতীয় দিনের আলোচনায় যোগাযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। মোটরযান ও রেল চুক্তি মূলত দুটি দেশ ছাড়া অন্যরা অভ্যন্তরীণ¯প্রক্রিয়া শেষ করেনি। অন্যদিকে, পাকিস্তান এ দুটি চুক্তি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা ছাড়াই সই করা নিয়ে প্রশ্ন তুলেছে। এই অবস্থায় আজ মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে কোনো অগ্রগতি হবে না।
বৈঠকে উপস্থিত একাধিক দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ চুক্তি নিয়ে গতকাল সকালে সম্ভাবনা দেখা দিলেও খসড়া নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান। ফলে মন্ত্রীদের বৈঠকে এটি নিয়ে আলোচনা হলেও সইয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
জানা গেছে, নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা নিয়ে গতকালের বৈঠকে ভারতের পক্ষ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই অঞ্চলের একীভূতকরণে যখন অর্থনৈতিক ইউনিয়নের কথা বলা হচ্ছে, সেখানে যোগাযোগ আর জ্বালানি নিয়ে মতপার্থক্য প্রত্যাশিত নয়।
তিন চুক্তি সইয়ের প্রক্রিয়ায় যুক্ত এক কর্মকর্তা জানান, মোটরযান ও রেল চুক্তির ব্যাপারে প্রক্রিয়ার কথা বলে পাকিস্তান আপত্তি তুলেছে। আর বিদ্যুৎ চুক্তির ক্ষেত্রে খসড়ার ভাষা নিয়ে দেশটি প্রশ্ন তুলেছে।
ঘোষণায় গুরুত্ব পাচ্ছে: সার্ক শীর্ষ সম্মেলনের কাঠমান্ডু ঘোষণায় জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বাংলাদেশের দেওয়া প্রস্তাবগুলো গুরুত্ব পাচ্ছে বলে জানান মো. শহীদুল হক। তিনি জানান, জলবায়ু পরিবর্তন আর দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকারের বেশ কিছু বিষয় চূড়ান্ত¯ঘোষণায় দেখা যাবে। তাঁর মতে, এটি সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের জন্য বড় অর্জন হবে।
গতকালের আলোচনায় ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এই অঞ্চলের দেশগুলোর সরকারের মধ্যে এ বিষয়ে আলোচনার প্রস্তাব দিলে ভারতসহ অন্যান্য দেশ তাতে সমর্থন দিয়েছে।
এ ছাড়া সার্কের মধ্যে পণ্যবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে চলাচলের প্রস্তাব ছিল। বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু হয়ে ভারত ও নেপাল পর্যন্ত¯ট্রেনটি চলবে। এ ব্যাপারে তিন দেশ যথেষ্ট আগ্রহী। পণ্যবাহী ট্রেন চলাচল করলে কতটা লাভবান হবে, তা অন্য দেশগুলোকে দেখানোর জন্যও এটা দরকার।
অর্থনৈতিক ইউনিয়নের পথে: দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ইউনিয়নের কর্মকৌশল ঠিক করতে সার্ক সচিবালয় এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় একটি সমীক্ষা করেছে। পররাষ্ট্রসচিবদের বৈঠকে সমীক্ষাটি উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিয়ন করতে হলে চারটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে বাজার উদারীকরণ, বিভিন্ন খাত উদারীকরণ, অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠা ও আন্তসীমা¯যোগাযোগ।
প্রধানমন্ত্রী আজ আসছেন: এখানকার স্থানীয় সময় চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামীকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়ার কয়েকজন নেতার সঙ্গে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।