কাঠমান্ডুতে বিমানের ২০০ যাত্রী আটকা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার্কিশ এয়ারের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ায় নেপালের কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বাংলাদেশ বিমানের প্রায় ২০০ যাত্রী আটকা পড়েছেন।
একাধিক যাত্রী টেলিফোন করে প্রথম আলোকে জানান, গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিমানের কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটের (বিজি-৭০২) সব যাত্রী কাঠমান্ডু বিমানবন্দরে একটি কক্ষে গাদাগাদি করে বসেছিলেন। দিনভর তাঁদের কোনো খাবারও দেওয়া হয়নি।
সন্ধ্যা সাড়ে সাতটায় মুঠোফোনে যোগাযোগ করা হলে বিমানের নেপালের কান্ট্রি ব্যবস্থাপক ইমরুল কায়েস প্রথম আলোকে বলেন, যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠানো হচ্ছে। বিমানবন্দরটি চালু হলে পরবর্তী ফ্লাইটে তাঁদের দেশে পাঠানো হবে।
তবে রাত পৌনে আটটায় ওই ফ্লাইটের একজন যাত্রী ডা. মোহাম্মদ শরীফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা ১৪০ জন চিকিৎসক কাঠমান্ডুতে একটি সম্মেলনে অংশগ্রহণ শেষে ওই ফ্লাইটে ফিরছিলেন। সকালে তার্কিশ এয়ারের উড়োজাহাজ ছিটকে পড়ায় অন্য সব বিমান সংস্থার ফ্লাইট বাতিল হয়, তাঁদের যাত্রীদের হোটেলে নেওয়া হয়। কেবল ব্যতিক্রম ছিল বাংলাদেশ বিমান। তিনি বলেন, বেলা সাড়ে তিনটায় বিমানের স্থানীয় কর্মকর্তারা জানান আটকে পড়া যাত্রীদের খাওয়া ও থাকার ব্যবস্থা করতে পারবেন না তাঁরা। সেখান থেকে মুঠোফোনে তাঁদের
একজন ঢাকায় বিমান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে যোগাযোগ করেন। তারপর তাঁদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করে। তবে তা সন্ধ্যার পরে।
ঢাকায় বিমানের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তাঁদের দাবি, নতুন ব্যবস্থাপক কাইল হেয়্যুড গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কর্মকর্তাদের নিষেধ করেছেন।