কাঠসহ বন কর্মকর্তা ধরা
ভোলার দৌলতখান উপজেলা উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহরিয়ার খানকে প্রায় ১০০ ঘনফুট কড়ই কাঠসহ গত মঙ্গলবার রাতে আটক করে স্থানীয় লোকজন। পুলিশ কাঠগুলো জব্দ করলেও বন কর্মকর্তাকে গ্রেপ্তার করেনি। তবে বন কর্মকর্তা দাবি করেছেন, কাঠগুলো তিনি এক ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ ভবনের বিপরীতে বন বিভাগের কার্যালয় থেকে দুই ভ্যান কাঠ পাশের একটি স মিলে নিয়ে যাচ্ছিলেন বন কর্মকর্তা শাহরিয়ার খান। এ সময় স্থানীয় লোকজন কাঠসহ তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঠগুলো জব্দ করে। বন বিভাগের দৌলতখান কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের মে মাসে ঘূর্ণিঝড়ে কার্যালয়ের সীমানার মধ্যের শতাধিক কড়ই, মেহগনি ও শিশুগাছ ক্ষতিগ্রস্ত হয়। তখন গাছগুলো কেটে ফেলা হয়। পরে কাঠগুলো (প্রায় ৩১১ ঘনফুট) বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০০৯ সালের ২৩ ডিসেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ। দরপত্র অনুযায়ী সাত হাজার ৮৯৯ টাকায় কাঠগুলো কেনেন দৌলতখান পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. আবদুল্লাহ। তবে কোন তারিখে কোন পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়েছিল, তা জানাতে পারেননি কার্যালয়ের কর্মকর্তারা।বন কর্মকর্তা শাহরিয়ার খান দাবি করেছেন, ঠিকাদার আবদুল্লাহর কাছ থেকেই তিনি কাঠগুলো কিনে নিয়েছেন। এর কিছু কাঠ তিনি স মিলে নিয়ে যাচ্ছিলেন। তবে গাছ কেনার কোনো কাগজপত্র তিনি পুলিশকে দেখাতে পারেননি। আর কিনলেও রাতের বেলা কেন স মিলে নিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার ভুল হয়ে গেছে।’ স্থানীয় একাধিক কাঠ বিক্রেতা ও প্রশাসন সূত্রে জানা গেছে কাঠগুলোর দাম কমপক্ষে চার লাখ টাকা হবে। এত টাকার কাঠ দরপত্রের মাধ্যমে এত কম দামে আদৌ বিক্রি করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, কাঠগুলো আসলে বন কর্মকর্তাই বেনামে অল্প দামে কিনে নিয়েছেন। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল্লাহ উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন। প্রথম আলোকে আবদুল্লাহ জানান, তিনি ঠিকাদার নন। কাঠ কেনাবেচার বিষয়ে তিনি কিছুই জানেন না।দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান জানান, তিনি পুলিশ নিয়ে কাঠগুলো জব্দ করেছিলেন। কাঠগুলো স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কাঠ উদ্ধারের কথা স্বীকার করে জানান, অভিযোগ আছে রেঞ্জ কর্মকর্তা সরকারি গাছগুলো বেনামে কিনে নিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানতে বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু সাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি জানেন না।