কাঠালবাগানে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থানাধীন কাঠালবাগান এলাকার একটি বাসায় রাবিয়া সিয়াম (২২) নামের এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাবিয়া রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের ব্যবসায় প্রশাসনে (বিবিএ) তৃতীয় বর্ষে পড়তেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল জানান,মা-বাবার সঙ্গে কাঠালবাগানের ২৩২/১ নম্বর বাসায় থাকতেন রাবিয়া।গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওই বাসার একটি কক্ষের দরজার  ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাবিয়া ফাঁস দেন। গোঙরানির শব্দে তাঁর মামা দরজা ভেঙে আহত অবস্থায় রাবিয়াকে উদ্ধার করেন। তাত্ক্ষণিকভাবে তাঁকে গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রাবিয়াকে মৃত ঘোষণা করেন।

ওসি ইকবাল আরও জানান, রাত একটার দিকে ময়নাতদন্তের জন্য রাবিয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রাবিয়া কেন ফাঁস দিয়েছেন তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় রাবিয়ার বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।