কাঠালিয়া সেতুর নির্মাণকাজ আট বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা-মেঘনা-ঢাকা বিকল্প সড়কের কাঠালিয়া নদীর ওপর সেতুর নির্মাণকাজ আট বছরেও শেষ হয়নি। ফলে বিকল্প সড়কের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে হোমনা, বাঞ্ছারামপুর, নবীনগর ও মুরাদনগর উপজেলার বাসিন্দারা।

হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করে মেঘনা উপজেলার ওপর দিয়ে এ রাস্তাটি চালু হলে হোমনা উপজেলার অর্থনৈতিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এতে ঢাকার সঙ্গে হোমনার দূরত্ব ১৫ কিলোমিটার কমবে এবং গৌরীপুর বাজার, মোড় ও দাউদকান্দি এলাকার যানজটও এড়ানো যাবে।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হোমনা উপজেলা কার্যালয় সূত্র জানায়, ঢাকার সঙ্গে হোমনা ও মেঘনা উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করতে হোমনা থেকে মেঘনা হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর পর্যন্ত (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ সড়ক) প্রায় ১৮ কিলোমিটার সড়কের পাকাকরণ ও চারটি সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর। এর মধ্যে কাঠালিয়া নদীর ওপর নির্মাণাধীন ৩০৪ মিটার দীর্ঘ সেতুর ব্যয় ধরা হয় ২৩ কোটি টাকা। ২০০৮ সালের ১৯ জুলাই এ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। সেতুটি নির্মাণের কাজ পায় ঢাকার মেসার্স মধুকন রকডিল ম্যাটকো নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে, সেতুর সাতটি অংশের মধ্যে নদীর মাঝের অংশের গার্ডারের কাজ করছেন ছয়-সাতজন শ্রমিক। সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক নির্মাণকাজও প্রায় ৪০ ভাগ বাকি রয়েছে।

মেসার্স মধুকন রকডিল ম্যাটকো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুর রহমান জানান, আশা করছি, ডিসেম্বরের মধ্যেই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে। উপজেলা প্রকৌশলী আবদুস সোবহান জানান, সেতুর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, নির্মাণকাজ সম্পন্ন করতে ঠিকাদার কয়েকবার সময় বাড়িয়েছেন।