বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হওয়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দুটি গ্রামের মানুষ এক সপ্তাহ ধরে অন্ধকারে আছে। ৬ জুলাই গাছ উপড়ে পড়ে বড় কাঠালিয়া গ্রামে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে বড় কাঠালিয়া ও কৈখালী গ্রামের দেড় হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।গ্রাম দুটির বিদ্যুতের গ্রাহকেরা জানান, ৬ জুলাই বৃষ্টি ও তীব্র বাতাসে একটি রেইনট্রিগাছ উপড়ে ওই ট্রান্সফরমারের ওপর পড়ে। এতে ট্রান্সফরমারটি বিকল হয়ে যায় এবং দুই গ্রামে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার পর্যন্ত ট্রান্সফরমারটি মেরামত বা সেখানে নতুন কোনো ট্রান্সফরমার পুনঃস্থাপন না করায় বিদ্যুতের সংযোগ চালু হয়নি। এ কারণে ভোগান্তির শিকার হচ্ছে গ্রাম দুটির প্রায় ২০০টি পরিবার।বান্ধাঘাটা বাজারের ব্যবসায়ী গোলাম কিবরিয়া বলেন, ‘বিদ্যুতের অভাবে আমরা সাত দিন ধরে অন্ধকারে আছি। বাজারের ব্যবসায়ীদের ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ কার্যালয়ে বিষয়টি ঘটনার পরপরই জানানো হলেও এখন পর্যন্ত ট্রান্সফরমারটি পুনঃস্থাপন করা হয়নি।’ওজোপাডিকো কাঠালিয়ার আবাসিক প্রকৌশলী আবদুল ওহাব বলেন, ‘আমরা নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য চেষ্টা করছি। আশা করি, শিগগির বিদ্যুতের সরবরাহ পুনরায় চালু করা যাবে।’