কাঠালিয়ায় বিধ্বস্ত সেতু ২০ দিনেও সংস্কার করা হয়নি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারের কাছের একটি সেতু বিধ্বস্ত হওয়ার ২০ দিন পরও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সেতুটি সংস্কার না করায় বরগুনার বামনা, কাঠালিয়া ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্যে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে এই তিন উপজেলার কয়েক লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে এলজিইডির অর্থায়নে কাঠালিয়া উপজেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র আমুয়া বাজারের কাছে বিষখালী নদীর ওপর ১০৫ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয়। সর্বশেষ ২০০২ সালে এটি সংস্কার করা হয়।আমুয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, গত ২৮ মে সকাল সাড়ে আটটার দিকে সেতুটির নিচ দিয়ে একটি বালুবোঝাই কার্গো যাচ্ছিল। এ সময় কার্গোটি সেতুর একটি লোহার পিলারে আঘাত করে। এতে সেতুর পশ্চিম অংশের অন্তত ৭০ মিটার ভেঙে নদীতে পড়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এই সেতুটির পশ্চিম প্রান্তে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার এবং পূর্ব প্রান্তে বরগুনার বামনা উপজেলার চালিতাতলী এলাকা। এটি দিয়ে বরগুনার বামনা, কাঠালিয়ার আমুয়া বাজার এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ও সাফা এলাকার কয়েক লাখ মানুষ যাতায়াত করে। আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন মীরবহর বলেন, আমুয়া বন্দর নারকেল ও সুপারির সবচেয়ে বড় মোকাম হওয়ায় বরগুনার বামনা, ঝালকাঠির কাঠালিয়া ও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার কয়েক হাজার মানুষ এখানে আসে। এ ছাড়া আমুয়া এলাকায় একটি ডিগ্রি কলেজসহ ছয়-সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এলজিইডির কাঠালিয়া উপজেলা প্রকৌশলী আবুল হোসেন জানান, সেতুটি বিধ্বস্ত হওয়ার পর তিনি কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এলজিইডির ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী ইসমত কিবরিয়া বলেন, সেতুটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। শিগগিরই এটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে।