কাঠের গুঁড়ির চাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ক্রেন ছিঁড়ে নিচে পড়া কাঠের গুঁড়ির চাপায় আজ শনিবার এক শ্রমিক মারা গেছেন। এ ছাড়া উপজেলার পৃথক স্থান থেকে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. ইউনুস ওরফে চান মিয়া (৩০)। তিনি হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের সালেহ আহমদের ছেলে।
নিহত অটোরিকশাচালকের নাম জাফর আলম (২৮)। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায়। বাবার নাম সৈয়দ হোসেন ওরফে লেডু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেকনাফ স্থলবন্দরে কাঠের গুঁড়ির চাপায় মো. ইউনুসের মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টার দিকে সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে আসা একটি কার্গো ট্রলার থেকে কাঠ খালাসের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। ক্রেনের তার ছিঁড়ে একটি কাঠের গুঁড়ি তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলিট অ্যাকোয়া কালচার মৎস্য খামার-সংলগ্ন এলাকার লবণের মাঠে অটোরিকশাচালক জাফর আলমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ। প্রথম আলোকে তিনি বলেন, অটোরিকশাচালকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা দুটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।