দেশের গ্যাস সংকট মোকাবিলা বিশেষ করে চট্টগ্রাম আঞ্চলের তীব্র গ্যাস ঘাটতি পূরণে এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) আমদানির উদ্যোগ জোরদার করা হয়েছে। দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির জন্য কাতারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্য স্থান মহেশখালী থেকে স্থলভাগে পাইপলাইন স্থাপনের প্রাথমিক জরিপও ইতিমধ্যে শেষ হয়েছে। জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১ থেকে ৪ জুন কাতার সফর করে। এ সময় কাতার সরকারের সঙ্গে এলএনজি আমদানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ও এলএনজি সেলের সমন্বয়কারী মোক্তাদীর আলী প্রথম আলোকে জানান, বাংলাদেশের চাহিদা অনুযায়ী কাতার প্রতিদিন ৫০ কোটি ঘনফুট হিসাবে বছরে ৩৯ লাখ টন এলএনজি সরবরাহে রাজি হয়েছে।এক প্রশ্নের জবাবে মোক্তাদীর বলেন, দীর্ঘমেয়াদে আমদানির জন্য এলএনজি পাওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা পাওয়ায় এখন টার্মিনাল স্থাপন ও আনুষঙ্গিক বিষয়ে কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মহেশখালী টার্মিনাল থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত গ্যাস সঞ্চালনের জন্য স্থলভাগে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন বসাতে হবে। এ লাইন বসানোর প্রাথমিক জরিপ শেষ করেছে পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান বলেন, জরিপ শেষ হয়েছে। এখন সরকার নির্দেশ দিলে পাইপলাইন বসানোর কাজ শুরু করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমুদ্রের তলদেশে পাইপলাইন বসানোর ক্ষমতা জিটিসিএলের নেই। ওই কাজের জন্য সরকার চিন্তাভাবনা করছে। জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের কাছাকাছি কোথাও সমুদ্রতীরে এলএনজি টার্মিনাল স্থাপনের মতো গভীরতা পাওয়া যায়নি। তাই মহেশখালীর কাছে টার্মিনাল স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ টার্মিনাল স্থাপন, সমুদ্রের তলদেশে পাইপলাইন স্থাপন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা স্থাপনে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে। এ কাজে সরকার বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছে। সরকারের এ উদ্যোগে আশাব্যঞ্জক সাড়াও পাওয়া গেছে।