
বাইরে প্রথমা প্রকাশনের স্টল ও বাংলাদেশি পণ্য প্রাণের কর্নারে ক্রেতাদের ভিড়, ভেতরে বাংলা গানের সুরের মূর্ছনায় উদ্বেলিত শ্রোতাদের করতালিতে মুখরিত মিলনায়তন—এভাবেই একখণ্ড বাংলাদেশ যেন জেগে উঠেছিল কাতারের রাজধানী দোহার মুনতাজায় আবু বকর সিদ্দিক বয়েজ স্কুলে। কাতারে প্রথম আলোর সাপ্তাহিক উপসাগরীয় সংস্করণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পাঠক উৎসবে এভাবেই বর্ণিল হয়ে ওঠে এক আনন্দময় বাংলাদেশ-সন্ধ্যা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় এই পাঠক উৎসবের। এতে কাতারপ্রবাসী বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী বাংলাদেশিরা সপরিবার অংশ নেন। তরুণেরা ছুটে আসেন বন্ধুবান্ধবসহ। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তন মুখরিত হয়ে ওঠে তাঁদের সপ্রতিভ আনন্দময় উপস্থিতিতে। আলোচনা, প্রশ্নোত্তর পর্ব আর সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দকে আরও বেশি পূর্ণতা দেয়। শিল্পী এস আই টুটুল আর দিনাত জাহান মুন্নির গানে উল্লাসে মেতে ওঠেন দর্শক।
পাওয়ার নিবেদিত প্রথম আলোর উপসাগরীয় সংস্করণের এই পাঠক উৎসবের সহযোগিতায় ছিল মুঘল স্পাইস। বিমান সহযোগী ছিল কাতার এয়ারওয়েজ।

স্থানীয় সময় রাত আটটায় মঞ্চে উঠে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ উপস্থিত প্রবাসী অতিথিদের শুভসন্ধ্যা জানান। কখন শুরু হবে অনুষ্ঠান, কখন বিদেশের মাটিতে বাংলার কথা আর গানের মূর্ছনা ছড়িয়ে পড়বে দোহার বুকে, সে জন্য উন্মুখ হয়ে ছিলেন প্রবাসী দর্শক-শ্রোতারা! বক্তৃতায় ও প্রশ্নোত্তর পর্বে যখন ঘুরেফিরে আসছিল বাংলাদেশ ও সংবাদপত্রের কথা, তাঁরা তখন তাতে সক্রিয়ভাবে অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তাঁরা জানতে চান বাংলাদেশ ও প্রথম আলো সম্পর্কে। প্রথম আলোর উপসাগরীয় সংস্করণ নিয়ে তাঁরা নানা পরামর্শ দেন। এরপর শিল্পী এস আই টুটুল ও দিনাত জাহান যখন মঞ্চে গান গাইতে আসেন, তখন তাঁরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।
অনুষ্ঠানে প্রবাসী পাঠকদের উদ্দেশে বক্তৃতা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, কাতারের দেওয়ানি আমিরের ইতিহাসবিষয়ক উপদেষ্টা ড. হাবিবুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, বাংলাদেশ এইচএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, ‘বাংলাদেশ-কাতার সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী। ইউনেসকোর চেয়ারম্যান পদে কাতারের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দিয়ে সেই পথে আরও অনেক দূর এগিয়ে গেছে। সম্পর্ক আরও এগিয়ে নিতে কাতারে বসবাসরত সব শ্রেণি–পেশার বাংলাদেশি প্রবাসীদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আর এর জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে প্রথম আলো। আশা করব প্রথম আলোর উপসাগরীয় সংস্করণ কাতারের আইনকানুনসহ নানা বিষয় তুলে ধরে অব্যাহতভাবে প্রবাসীদের পাশে থাকবে।’
ড. হাবিবুর রহমান বলেন, ‘বিদেশের মাটিতে মুদ্রিত বাংলা ভাষার পত্রিকা পাওয়া যাবে, কয়েক বছর আগেও এমন চিন্তা ছিল দুরূহ। কাতারসহ মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। পাশাপাশি বিদেশের মাটিতে তাঁরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এখানে সবাই বাংলাদেশের দূত। প্রবাসীরা দেশকে দিয়েই যাচ্ছেন। দেশ তাঁদের কিছুই দিচ্ছে না। দুঃখের বিষয়, দেশে যাওয়ার পথে তাঁরা বিমানবন্দরে হয়রানির শিকার হন। আমরা আশা করব, প্রথম আলো প্রবাসীদের নানা সমস্যা আরও জোরালোভাবে তুলে ধরবে। দূতাবাসকে আরও সক্রিয়ভাবে প্রবাসীদের পাশে থাকতে হবে।’
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক প্রবাসীদের পাঠক উৎসবে যোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে দেশের বাইরে প্রথম আলো প্রকাশ করে নতুন অধ্যায় যোগ করেছে। আগামী মার্চ থেকে উত্তর আমেরিকা সংস্করণ বের হচ্ছে। তবে কাতার থেকে শুরু করতে পারাটা আমাদের জন্য আনন্দের। প্রথম আলোর মূল শক্তি পাঠক। দেশের মতো বিদেশেও পাঠকেরা প্রথম আলোকে সামনে এগিয়ে নেবেন, এটাই আমরা বিশ্বাস করি।’
আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। প্রবাসী শিল্পী আবদুল্লাহ আল মামুন গেয়ে শোনান তাঁর লেখা জনপ্রিয় গান ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’। চিরন্তন বাউল সংঘ পরিবেশনা করে সিলেটের ঐতিহ্যবাহী গানের তালে তালে নৃত্য। এরপর মঞ্চ মাতাতে আসেন দিনাত জাহান। ‘একবার যেতে দে না’ গানে দর্শক-শ্রোতারা উদ্বেলিত হয়ে ওঠেন। এরপর একে একে আধুনিক গানের পাশাপাশি তিনি গেয়ে শোনান হাসন রাজা, শাহ আবদুল করিমসহ বিভিন্ন আঞ্চলিক গান। সবশেষে মঞ্চে আসেন এস আই টুটুল। ‘কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে’, ‘রাতের আকাশে’সহ তাঁর জনপ্রিয় গানগুলো শোনান। শেষ করেন ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ গান দিয়ে। দর্শকেরা তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।
এর মধ্য দিয়ে সমাপ্ত হয় প্রথম আলোর বর্ণিল এই পাঠক উৎসব। একরাশ আনন্দময় তৃপ্তি নিয়ে ঘরে ফেরেন বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসী শ্রোতা-দর্শকেরা। অনুষ্ঠানের পুরো সময়জুড়ে প্রথমা প্রকাশনের বইয়ের স্টলে ভিড় করেন প্রবাসীরা।