কাতারে প্রথম আলোর জমজমাট পাঠক উৎসব

প্রথম আলোর উপসাগরীয় সংস্করণের দুই বছর পূর্তি উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হয়ে গেল জমজমাট পাঠক উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের মুনতাজায় আবু বকর সিদ্দিক বয়েজ প্রাইমারি স্কুলের ইনডোর হলে এই উৎসবের আয়োজন করা হয়।
আয়োজনে ছিল পাঠকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব ও মতবিনিময় সভা। পাঠক ও দর্শনার্থীদের মাতিয়ে রাখে বিশেষ সংগীত আয়োজন। এতে কাতারের বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী এস আই টুটুল ও দিনাত জাহান মুন্নি। পাশাপাশি বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন। প্রথম আলোর প্রবাসী পাঠক আর শুভানুধ্যায়ীরা বিনা মূল্যে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজনে ছোট পরিসরে ছিল প্রথমার বইমেলাও।

প্রথম আলোর সামনে এগিয়ে চলার মূল শক্তি পাঠক। তাই পাঠক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে আয়োজন করা হয় এই উৎসবের। বাংলাদেশ ও কাতার থেকে বিশিষ্ট ব্যক্তিরা এতে যোগ দেন।
মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সেতুবন্ধ তৈরি আর বিদেশে বসে কাগজে ছাপা বাংলা ভাষার পত্রিকা পাঠের স্বাদ দিতে দুই বছর ধরে কাতার ও বাহরাইনে প্রকাশিত হচ্ছে প্রথম আলোর উপসাগরীয় সংস্করণ। মধ্যপ্রাচ্যে বাংলা ভাষার একমাত্র এই পত্রিকার দুই বছর পূর্তি উপলক্ষে পাঠকদের উদ্যোগে বৃহস্পতিবার এই উৎসবের আয়োজন করা হয়।
প্রথম আলোর উপসাগরীয় প্রবাসী পাঠকদের উদ্যোগে প্রাণ-পাওয়ারের সৌজন্যে ও মুঘল স্পাইস পাউডারের সহযোগিতায় এই উৎসবের আয়োজন হয়। বিমান সহযোগী হিসেবে ছিল কাতার এয়ারওয়েজ।