কাতারে নতুন রাষ্ট্রদূত মাসুদ মাহমুদ খন্দকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে সরকার কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক ও বিমসটেক অণু বিভাগ) হিসেবে কর্মরত মাসুদ মাহমুদ খন্দকার বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১০ম ব্যাচের কর্মকর্তা। পেশাদার এ কূটনীতিক এর আগে অটোয়া ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন। এ কূটনীতিক লন্ডন ও ম্যানিলায় বাংলাদেশ মিশনেও কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাসুদ মাহমুদ খন্দকার। ১৯৯১ সালে চাকরিতে যোগ দেন। তিনি প্যারিস থেকে ফরাসি ভাষা ও বাণিজ্যসংক্রান্ত দর-কষাকষির বিষয়ে ডিপ্লোমা করেন। ব্যক্তিগত জীবনে মাসুদ মাহমুদ খন্দকার বিবাহিত ও দুই ছেলের বাবা।