কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের সীমান্তবর্তী দুখান এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এঁদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

নিহত ব্যক্তিরা হলেন ইসলাম উদ্দীন (৩৫), মহিবুর রহমান (২৮), আওলাদ হোসেন (২৬) ও মইনুদ্দিন (৩৩)। আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন, ফরিদ, এনাম ও রেজওয়ান।
এঁদের মধ্যে ফরিদের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তিদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় সময় বেলা ১১টার দিকে একটি মিনিবাসে করে আটজন সীমান্তবর্তী দুখান এলাকায় কাজে যাচ্ছিলেন। ৪২ নম্বর ব্রিজের কাছে এসে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসা নেওয়া আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা কাতারে ফ্রি ভিসায় বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন। তাঁদের কোনো নির্দিষ্ট পেশা নেই। তাঁদের মিনিবাসের চালক ছিলেন মিসরীয়।

দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, শ্রম কাউন্সেলর সিরাজুল ইসলাম, শ্রমসচিব রবিউল ইসলামসহ অন্য কর্মকর্তারা হাসপাতালে যান। তাঁরা আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এঁরা সবাই কাতারের কেন্দ্রীয় সবজি মার্কেট থেকে কাজের জন্য দুখানে যাচ্ছিলেন। নিহত ব্যক্তিদের লাশ বর্তমানে হামাদ কেন্দ্রীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শ্রম কাউন্সেলর সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই নিহতদের লাশ দেশে পাঠানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি আমরা তাদের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছি।’