কাতারে হাতাহাতিতে পণ্ড শোক দিবসের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাতারে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত আলোচনা সভা পণ্ড হয়েছে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের হাতাহাতিতে। চার নেতাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় গতকাল সোমবার সকাল নয়টায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এরপর দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কাতার আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ১০টায় দূতাবাসের ভেতর শুরু হয় আলোচনা সভা।
সভায় বক্তৃতা দেওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের একাংশের সভাপতি শফিকুল ইসলাম প্রধান আরেক অংশের সভাপতি ওমর ফারুক চৌধুরীকে উদ্দেশ করে ভুয়া মুক্তিযোদ্ধা বলেন। এতে ওমর ফারুকের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে তাঁর মাইক কেড়ে নেন। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু করেন।
রাষ্ট্রদূতের নির্দেশে দূতাবাসের পক্ষ থেকে পুলিশের সাহায্য চাওয়ার কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় চারজন নেতাকে আটক করা হয়।