কাতারের ফার্স্ট লেডি দিরাইয়ে আসছেন আজ
কাতারের ফার্স্ট লেডি শেখহা মোজাহ বিনতে নাসের আল মিসনাদ আজ সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে আসছেন। এখানে তিনি ব্র্যাকের শিক্ষাতরি উদ্বোধন করবেন।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম জানান, কাতারের ফার্স্ট লেডি ব্র্যাকের ভাসমান শিক্ষাতরি উদ্বোধনের জন্য বেলা ১১টায় বিমান বাংলাদেশের বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে দিরাইয়ে আসবেন। পৌর সদরের চণ্ডীপুর গ্রামের পাশে কালনী নদীতে তিনি শিক্ষাতরির উদ্বোধন করবেন।ফার্স্ট লেডির আগমনকে কেন্দ্র করে দিরাইয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। চণ্ডীপুর গ্রামের শিক্ষক তাজ উদ্দিন মিয়া বলেন, ‘দুই দিন ধরে সরকারের বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনির সদস্যরা আমাদের গ্রামে অবস্থান করছেন।’ দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বলেন, ‘শনিবার প্রশাসনের পক্ষ থেকে রানি আসার সংবাদ আমাকে জানানো হয়েছে। পৌরসভার পক্ষ থেকে রাস্তাঘাটের ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। দিরাই শহর থেকে চণ্ডীপুর পর্যন্ত রাস্তা সাজানো হয়েছে।’দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘আমাদের দিরাইয়ে বিদেশি কোনো রানির এটাই প্রথম সফর। আমি লোকমুখে শুনেছি, রানি আসছেন। কর্মকর্তারা কেউ আমাকে জানাননি, এটা দুঃখজনক।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল হক বলেন, সরকারের পক্ষ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী বলেন, ‘একটি দেশের রানি আসছেন। অথচ ব্র্যাক আথবা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি। রোববার (গতকাল) বেলা দুইটার দিকে জেলা তথ্য কার্যালয় থেকে ফোন করে আমাদের বলা হয়েছে যে রানি আসছেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করতে হলে জেলা তথ্য কার্যালয় থেকে পাস কার্ড সংগ্রহ করতে হবে। কিন্তু এই স্বল্প সময়ে তা সম্ভব নয়।’