কাদা-পানির মাখামাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাম্পাতলী এলাকায় বেড়িবাঁধ সড়কের চিত্র। সম্প্রতি ছবিটি তুলেছেন মনিরুল আলম
চাম্পাতলী এলাকায় বেড়িবাঁধ সড়কের চিত্র। সম্প্রতি ছবিটি তুলেছেন মনিরুল আলম

পুরান ঢাকার বেড়িবাঁধ (বাবুবাজার-আমিনবাজার) সড়কটি সংস্কার করা হয় না প্রায় চার বছর। ফলে এটি অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ পুরান ঢাকাসহ রাজধানীর জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।
সড়কটি সংস্কারের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, করপোরেশনের দায়িত্বহীনতা ও সঠিক তদারকির অভাবে সড়কটির সংস্কার হচ্ছে না। সড়কটি সংস্কার না করায় পুরান ঢাকার প্রধান বাণিজ্যকেন্দ্র শ্যামবাজার, সদরঘাট, বাদামতলী বাজার, বাবুবাজার ও চকবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাবেচায় ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এ ছাড়া যানজটের সমস্যাটিও সড়কটিতে তীব্র।
অভিযোগের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মোহাম্মদ আজাদ বলেন, ঈদের আগে মেরামতকাজ শুরু করার কথা ছিল। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপের কারণে তা ব্যাহত হয়েছে। কিছুদিনের মধ্যে আবার কাজ শুরু করা হবে।
সরেজমিনে দেখা যায়, বাদামতলী ফলের আড়ত থেকে কেল্লার মোড় পর্যন্ত (প্রায় তিন কিলোমিটার) সড়কটির সবচেয়ে খারাপ অবস্থা। পুরো সড়কটিই কাদা-পানিতে মাখামাখি। ইট-পাথর নেই বললেই চলে। আর কিছু অংশে বড় বড় গর্তে হাঁটু পর্যন্ত পানি জমে মরণফাঁদে পরিণত হয়েছে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস, লেগুনা এবং মালবাহী ট্রাক চলাচল করছে।
মোহাম্মদপুরের বাসিন্দা সালাহউদ্দিন আহমেদকে ব্যবসার কাজে প্রায় চকবাজার আসতে হয়। রাস্তার এই অবস্থায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে তিনি বললেন, ‘যতবারই নিজের গাড়ি নিয়ে চকবাজারে এসেছি, ততবারই গাড়ি পরিষ্কার করতে গ্যারেজে নিতে হয়েছে।’
জানা যায়, সদরঘাট থেকে গাবতলী যাওয়ার বিকল্প পথ হিসেবে পরিচিত ছিল বেড়িবাঁধ সড়ক। সময় কম লাগায় আশপাশের মানুষজন ও ব্যবসায়ীরা সড়কটি ব্যবহার করতেন। এ ছাড়া পুরান ঢাকার শ্যামবাজার, বাদামতলী বাজার ও চকবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য এ পথে আনা-নেওয়া করা হতো। কিন্তু সড়কের অবস্থা খারাপ হওয়ায় যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কমে গেছে। এ ছাড়া নৌপথে যাতায়াতের ক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষকে এই সড়ক ব্যবহার করতে হয়।
চকবাজারের ব্যবসায়ী আবদুস সামাদ জানান, রাস্তা খারাপ থাকায় অনেক সময় মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে গাড়ি গর্তে পড়ে যায়। রাজধানীর এ সড়কটিই যেন ধান লাগানো জমি। একবার এ সড়কে যানজট লাগলে সারা দিনেও ছোটে না। এই ব্যবসায়ীর সঙ্গে কথা বলার পর প্রায় ২০ মিনিট সড়কে হেঁটে দেখা মেলে কামাল উদ্দিন নামে এক ট্রাফিক পুলিশের। তাঁর পোশাক হাঁটু পর্যন্ত কাদায় মাখামাখি। এর মধ্যেই দায়িত্ব পালন করছেন তিনি।
কামাল উদ্দিন জানান, এই কাদা-পানির মধ্যে দাঁড়িয়েই সারা দিন দায়িত্ব পালন করতে হয়। বাদামতলী থেকে কামরাঙ্গীরচর (দেড় কিলোমিটার) পর্যন্ত মাত্র তিনজন ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছে। সীমিত জনবলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। একদিক দিয়ে যানজট কমাতে চাইলে অন্যদিকে আবার লেগে যায়।