কাদা-মাটিতে নষ্ট হচ্ছে ১১ ফেরি ও দুটি পন্টুন
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক, সোনাতলা ও শিববাড়িয়া নদীর দুই পাড়ে ১১টি নষ্ট ফেরি ও দুটি পন্টুন পড়ে থাকলেও তা রক্ষণাবেক্ষণ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে বছরের পর বছর পড়ে থাকা এসব ফেরি জোয়ার-ভাটার পানি আর কাদা-মাটিতে নষ্ট হয়ে যাচ্ছে।
গত ২৩ মে সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া-নীলগঞ্জ পথে আন্ধারমানিক নদীর দক্ষিণ পাড়ে দুটি ফেরি, হাজীপুর-পুরান মহিপুর পথে সোনাতলা নদীর উত্তর পাড়ে চারটি ফেরি ও একটি পন্টুন, মহিপুর-আলীপুর পথে শিববাড়িয়া নদীর উত্তর পাড়ে পাঁচটি ফেরি ও একটি পন্টুন পড়ে আছে।
এসব ফেরির মধ্যে কোনোটি মাটির ভেতরে ঢুকে গেছে। তাছাড়া যেগুলো মাটির ওপরে নদীর তীরে আটকে আছে, সেগুলোর লোহালক্কড়, স্টিলের পাটাতন স্থানীয় কিছু লোক খুলে নিয়ে যাচ্ছেন। এসব ফেরিতে রাতে বসে বখাটের মদ-গাঁজার আসর।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নদীতে এসব ফেরি ব্যবহারের ফলে লবণাক্ততার কারণে তলদেশ ফুটো হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নদীর তীরে উঠিয়ে রাখা হয়েছে। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের তিনটি ফেরিঘাটে পড়ে থাকা ১১টি ফেরি ও দুটি পন্টুন অন্তত ১০ বছর ধরে পড়ে আছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পটুয়াখালীর ফেরি শাখার নির্বাহী প্রকৌশলী আবুল ফজল মালিক বলেন, ‘এ জন্য পাঁচ সদস্যের একটি কমিটি রয়েছে। এই কমিটি যাচাই-বাছাই করে প্রতিবেদন দিলে অকেজো ফেরি সংস্কার অথবা রক্ষণাবেক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়।
তবে আমার জানা মতে, পড়ে থাকা ওইসব ফেরির মধ্যে চার-পাঁচ বছর আগের নষ্ট ঘোষণা করা কয়েকটি ফেরি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেগুলো ঢাকায় নিয়ে মেরামত করতে কিছুটা সময় লেগে যায়।’