‘বৃষ্টিতে সড়কসহ আশপাশের বাড়িতে পানি উঠে যায়। কাদা ও নোংরা পানির মধ্যেই চলাচল করতে হয়। সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ এভাবেই দুর্ভোগের কথা বলেন বরিশাল নগরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস সাহা।
সরেজমিনে সম্প্রতি দেখা গেছে, জানকি সিংহ সড়কের অনেক স্থানে পানি জমে আছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি জমে থাকায় গর্তের সংখ্যা বাড়ছে। হাঁটুপানির মধ্যেই এলাকাবাসী চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্ভোগ শুরু হয়েছে। সড়ক সংস্কার এবং নর্দমা নির্মাণ না করায় সমস্যা তীব্র হচ্ছে।
সড়কের বাসিন্দা মনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘পুরো বর্ষা মৌসুমে সড়কের ওপর হাঁটুপানি থাকছে। নালায় পানিনিষ্কাশন না হওয়ায় তা বাসাবাড়ির মধ্যে ঢুকে পড়েছে। জুতা খুলে তারপর বাড়ি থেকে বের হতে হয়। আমরা সিটি করপোরেশনের মধ্যে হয়েও পানিবন্দী। শিশুদের নিয়ে স্কুলে যেতে সমস্যায় পড়তে হচ্ছে।’
রিকশাচালক দুলাল শেখ বলেন, ‘একদিকে রাস্তা ভাঙাচোরা। তার ওপর আবার পানি জমে আছে। কয়েকবার রিকশা উল্টে যাত্রীরা পানিতে পড়ে গেছে। এই সড়কের কথা শুনলে যাত্রী তুলতে ভয় পাই।’
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, গত ফেব্রুয়ারি মাসে জানকি সিংহ সড়কসহ আশপাশের আরও কয়েকটি সড়ক ও নর্দমা নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। পাঁচ কোটি টাকা ব্যয়ে ওই নির্মাণকাজ শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করার পর নর্দমার জন্য জায়গা না দিতে চাওয়ায় কিছু সমস্যা দেখা দেয়। এ কারণে কাজে বিলম্ব হয়েছে। এ ছাড়া, ঠিকাদার নিম্নমানের কাজ করায় কয়েকবার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সড়ক সংস্কার এবং নর্দমা নির্মাণকাজ শেষ হলে এলাকাবাসীর সমস্যা থাকবে না।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মরতুজা আবেদীন বলেন, বর্ষার আগে নালা নির্মাণের কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ করলে বর্ষার আগেই শেষ হতো। পুরোনো নর্দমা আটকে রেখে কাজ শুরু করে ঠিকাদার। এ জন্য পানি সরতে পারছে না। তা ছাড়া, নিম্নমানের কাজ হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করে। এ কারণে ঠিকাদার দীর্ঘদিন ধরে কাজ বন্ধ করে রেখেছেন। এখন এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে।
নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, জানকি সিংহ সড়কে নর্দমা নির্মাণ করতে গিয়ে সুবিধাভোগীরা জায়গা ছাড়তে না চাওয়ায় সমস্যা দেখা দেয়। তা ছাড়া, ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ পাওয়া যায়। সে কারণে কাজ বন্ধ করা হয়। এসব ক্ষেত্রে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মো. আনিসুজ্জামান আরও বলেন, ওই সড়কটি নিচু হওয়ায়ও পানি জমছে। সড়কটি উঁচু করে সংস্কারকাজ করা হবে। নর্দমা এবং সড়ক সংস্কার হলে এলাকাবাসীর দুর্ভোগ কমে আসবে।
ঠিকাদার মো. আলতাফ হোসেন তালুকদারের সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন
ধরেননি।