কাদাপানিতে একাকার, ঝুঁকি নিয়ে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

পিচ–খোয়া উঠে পাকা সড়কের এ হাল। বান্দরবান-রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকা থেকে ১৪ নভেম্বর তোলা ছবি l প্রথম আলো
পিচ–খোয়া উঠে পাকা সড়কের এ হাল। বান্দরবান-রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকা থেকে ১৪ নভেম্বর তোলা ছবি l প্রথম আলো

বেহাল সড়ক—৫৭

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

কোথাও পাহাড় থেকে ধসে পড়ছে মাটি। কোথাও বড় বড় গর্ত। কোথাও কোথাও পিচের চিহ্ন নেই। সেখানে মাটির ওপর দিয়ে গাড়ি চলাচল করায় দেবে গেছে সড়ক। এ অবস্থা বান্দরবান-রুমা সড়কের। সড়কটিতে বর্তমানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু জেলা সদরের সঙ্গে এটা রুমা উপজেলার যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় ঝুঁকি নিয়েই গণপরিবহন চালাচ্ছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।

সড়কের ২৬ কিলোমিটার এলাকায় পাহাড় থেকে ধসে পড়া মাটি সরানোর সময় একটি বাস দাঁ​ড়িয়ে আছে l প্রথম আলো
সড়কের ২৬ কিলোমিটার এলাকায় পাহাড় থেকে ধসে পড়া মাটি সরানোর সময় একটি বাস দাঁ​ড়িয়ে আছে l প্রথম আলো

৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কের ৩৭ কিলোমিটারের অবস্থা বেহাল। ১৫ নভেম্বর সরেজমিনে দেখা যায়, জেলা সদর থেকে ওয়াইজংশন পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের অবস্থা কিছুটা ভালো। কিন্তু ওয়াইজংশন থেকে রুমা উপজেলা সদর পর্যন্ত ৩৭ কিলোমিটারেরঅবস্থা খারাপ। পাঁচ-ছয়টি স্থানে সড়কে পিচেরচিহ্নই নেই। কোথাও পাহাড়ের ধসে পড়া মাটির সঙ্গে ঝরনার পানি মিশে কাদায় একাকার হয়েছে। কোথাও বড় বড় গর্ত। সড়কের অনেক স্থানে পানি জমে রয়েছে। সেনাবাহিনীর ১৯ নির্মাণ ব্যাটালিয়নেরসদস্যদের পাহাড়ের ধসে পড়া মাটি সরাতে দেখা গেছে। স্থানীয় লোকজন বলেন, বৃষ্টির কারণে দুই মাস আগে থেকে সড়কের অবস্থা বেশি খারাপ। বাসচালক সাহাব মিয়া ও স্বপন দাস বলেন, সড়কে দুই-তিন স্থানে বাস থেকে যাত্রীদের নামিয়ে গাড়ি ঠেলতে হয়। খানাখন্দে ভরা জলাবদ্ধ সড়কে গাড়ি নিয়ে চলাচল করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রতিটি ট্রিপের পর গাড়ির বিভিন্ন অংশের যন্ত্রপাতি মেরামত করতে হয়। এতে অনেক টাকা খরচ হচ্ছে। বান্দরবান থেকে রুমায় যেতে আগে দুই ঘণ্টা লাগত। এখন চার থেকে পাঁচ ঘণ্টা লাগে।

জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম বলেন, চালকেরা এ সড়কে গাড়ি চালাতে চান না। কিন্তু রুমা উপজেলাকে জেলা সদর থেকে বিচ্ছিন্নও রাখা যাচ্ছে না। সড়কটি সংস্কার না হলে গণপরিবহনচালানো কঠিন হয়ে পড়বে।

এ সড়ক রক্ষণাবেক্ষণেরদায়িত্বে থাকা সেনাবাহিনীর ১৯ প্রকৌশলনির্মাণ ব্যাটালিয়নের (ইসিবি) চিম্বুক ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মোসলেহ উদ্দিন গত শুক্রবারবলেন, সড়কের দলিয়ানপাড়া এলাকা, বেতছাড়া পুলিশ ক্যাম্প এলাকাসহ কয়েকটি স্থানে দ্রুত কাজ করা হবে। সপ্তাহ খানেকের মধ্যে পরিস্থিতিঅনেকটা স্বাভাবিক হয়ে যাবে। সড়কের খানাখন্দ ভরাট ও ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু হয়েছে। ১৯৮০ সালে এ সড়কটি নির্মাণ করা হয়। সংস্কার করা হলেও তা টেকসই হচ্ছে না। সড়কটি পুনর্নির্মাণ করা জরুরি।