কাদাপানিতে একাকার নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের টেক্সটাইল এলাকায় রাস্তার কার্পেটিং ও খোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে পানি জমে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে l প্রথম আলো
বরিশাল নগরের টেক্সটাইল এলাকায় রাস্তার কার্পেটিং ও খোয়া উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে পানি জমে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে l প্রথম আলো

বরিশাল নগরের অনেক সড়কের সংস্কার হচ্ছে না। যা সংস্কার হচ্ছে, সেগুলোও ধীরগতিতে চলছে। সড়কগুলো কাদাপানিতে একাকার হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ঈদ ও দুর্গাপূজায় এটা আরও বেড়ে যাবে।
সিটি করপোরেশনের দাবি, অধিকাংশ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে কাজ ধীরগতিতে এগোচ্ছে। বাকি সড়ক সংস্কারে দরপত্র আহ্বান করা হয়েছে। অধিক বৃষ্টির কারণে কোথাও কোথাও পানি জমে সমস্যার সৃষ্টি হচ্ছে। আগামী শীতের আগেই সব সড়ক সংস্কার সম্ভব হবে।
সরেজমিনে দেখা গেছে, নগরের ২, ৩, ৪, ২৪ ও ২৬, ২৭ ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কে বড় বড় গর্ত। কোথাও হাঁটুপানি, কোথাও বা সড়কের বিটুমিন উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিছু সড়কে নির্মাণসামগ্রী রেখে সংস্কারকাজ চালানোয় যান চলাচল বন্ধ করা হয়েছে। চরম ঝুঁকি এবং দুর্ভোগে পড়েছে ওই সব এলাকার বাসিন্দারা।

বরিশাল নগরের জানকিসিংহ সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। পথচারীরা পড়ছেন দুর্ভোগে l প্রথম আলো
বরিশাল নগরের জানকিসিংহ সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। পথচারীরা পড়ছেন দুর্ভোগে l প্রথম আলো


নগরবাসীর অভিযোগ, অনেক মহল্লার সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে না। সড়ক সংস্কারের নামে সড়ক খুঁড়ে রেখে দুর্ভোগ বাড়িয়েছে করপোরেশন। ছয় মাস আগে কাজ শুরু করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কাদাপানির মধ্যে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সভাপতি আক্কাস হোসেন বলেন, নগরের অধিকাংশ সড়ক ভাঙাচোড়া। সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বরিশাল নগর আগের যেকোনো সময়ের চেয়ে আবর্জনা, ময়লা, নোংরা নগরে পরিণত হয়েছে।
কাউনিয়ার বাসিন্দা মো. আক্তার হোসেন বলেন, ছয় মাস আগে সড়ক সংস্কারের কাজ শুরু করে সিটি করপোরেশন। কয়েক দিন কাজ করে বন্ধ করে দেয়। এরপর সড়ক সংস্কারের নামে সড়কের বিভিন্ন স্থান খুঁড়ে নির্মাণসামগ্রী রাখায় এখন পায়ে হেঁটে চলারও সুযোগ নেই।
নগরের ২ নম্বর ওয়ার্ডের সরদার সড়কের বাসিন্দা শংকর দত্ত বলেন, এটা সিটি করপোরেশনের কোনো অংশ বলে মনে হয় না। সব সময়ই সড়ক পানির নিচে থাকে। ভাঙাচোরা সড়কে রিকশা এবং ইজিবাইক আসতে চায় না। কাদাপানিতে ভিজে চলাচল করতে হয়।
ইজিবাইকচালক মো. রনি হাওলাদার বলেন, ‘বাইক নিয়ে যেতে গিয়ে একবার দুর্ঘটনায় পড়েছি। এখন আর ওই সড়ক দিয়ে চলাচল করি না।’ শিক্ষার্থী মো. মাসুদ রেজা জানায়,পানিতে ডুবে থাকা রাস্তায় পড়ে রিকশা উল্টে যায়। এতে বই-খাতা সব ভিজে যায়।

বরিশাল নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে চলছে সংস্কারকাজ। এতে ভোগান্তি বেড়েছে পথচারীদের l প্রথম আলো
বরিশাল নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডে চলছে সংস্কারকাজ। এতে ভোগান্তি বেড়েছে পথচারীদের l প্রথম আলো

টেক্সটাইল এলাকার বাসিন্দা মো. শহীদ আকন বলেন, দিনের বেলা চলাচলেই সমস্যায় পড়তে হয়। রাতে এই সড়কে কোনো মানুষ চলাচল করতে পারে না।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, নগরের বিভিন্ন সড়কে সংস্কারকাজ চলছে। নির্মাণসামগ্রী রাখায় দুই-একটা সড়কে চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। আগামী শুকনা মৌসুমের মধ্যে নগরের সব সড়কে সংস্কারকাজ করা হবে।
প্রধান প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, নগরের অধিকাংশ সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি অন্যান্য সড়ক সংস্কারে দরপত্র আহ্বান করা হয়েছে। বৃষ্টির কারণে কাজে কিছুটা ধীরগতি রয়েছে।