কাদাপানিতে একাকার, যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটের গোসাইবাড়ি-শহড়াবাড়ি নৌঘাট সড়কটির বেহাল দশা। ছবিটি গত বৃহস্পতিবার শহড়াবাড়ি গ্রাম থেকে তোলা l প্রথম আলো
বগুড়ার ধুনটের গোসাইবাড়ি-শহড়াবাড়ি নৌঘাট সড়কটির বেহাল দশা। ছবিটি গত বৃহস্পতিবার শহড়াবাড়ি গ্রাম থেকে তোলা l প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি-ভান্ডারবাড়ি শহড়াবাড়ি নৌঘাট পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়কের এক কিলোমিটার সড়কের ইট, পাথর, কার্পেটিং উঠে গর্ত হয়ে কাদাপানিতে একাকার হয়ে গেছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা, শহড়াবাড়ি গ্রামের বাসিন্দারাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছে।

গত সোমবার সরেজমিনে এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় সাত বছর আগে গোসাইবাড়ি বাজার থেকে যমুনা নদীর শহড়াবাড়ি নৌঘাট পর্যন্ত জেলা পরিষদের অর্থায়নে দুই কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। এই সড়ক দিয়ে যমুনা নদীর নৌঘাটের যাত্রীরা ও এলাকার মানুষ মালপত্র নিয়ে যমুনা নদীর পূর্বপাশে চর এলাকায় যাতায়াত করে। এ ছাড়া এ সড়ক দিয়ে যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পের জন্য ট্রাক ও টলি দিয়ে ভারী মালপত্র বহন করা হয়। এতে দুই কিলোমিটার পাকা সড়কের মধ্যে এক কিলোমিটার সড়কের কার্পেটিং, ইট, পাথর উঠে মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে কাদাপানিতে সড়কটি একাকার হয়ে গেছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও নৌঘাটের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।

যমুনা নদীর নৌঘাটের ইজারাদার হজরত আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এ বছর জেলা পরিষদ থেকে ১৮ লাখ ৪০ হাজার টাকায় এই ঘাটটি ইজারা নিয়েছেন। কিন্তু সড়কের কাদাপানি জমে থাকায় এই এলাকার যাত্রীরা মালপত্র নিয়ে তাঁর ঘাটের যমুনার পূর্ব পাশে যেতে পারছে না। তাই নৌকার যাত্রীর সংখ্যা অনেকটা কমে গেছে। এ কারণে সড়কটি মেরামতের জন্য তিনি জেলা পরিষদের কাছে আবেদন করেছেন।

সড়কের পাশের বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘সড়কে গাড়ির চাকার পানি ছিটা আইসা ঘরের জানালা-দরজা নষ্ট হইতেছে। ঘরের মধ্যে রাখা কাপড়চুপুড়, থালা-বাসন সব পানিতে ভইরা যায়। অনেক সময় খাবারদাবার ঘরে রাখা যায় না। আমরা নদী ভাঙ্গুরি মানুষ। তাই আমাইগরে কষ্টের কথার আর কে শুনে।’

শহড়াবাড়ি গ্রামের কলেজছাত্র সবুজ মিয়া বলেন, ‘সড়কটির অবস্থা এতুই খারাব হয়েছে, যে এলাকার মানুষ ওই সড়ক দিয়ে চলাচলই করতে পারছে না। গ্রামের শিক্ষার্থীরা কোনোমতে বিভিন্ন বাড়িঘরের আশপাশ দিয়ে কষ্ট করে চলাচল করছে। তবে কাদাপানির ছিটা আশপাশের বাড়িঘরসহ আসবাব নষ্ট হয়ে যাচ্ছে।

বগুড়া জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক বলেন, সড়কটি নতুন করে সংস্কারের জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।