
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা থেকে চকদেউলী পর্যন্ত দুই কিলোমিটার সড়কটি কাদাপানিতে একাকার হয়ে গেছে। এতে ইউনিয়নের সাতটি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামগুলো হলো শেরুয়া বটতলা, নওদাপাড়া, রহমতপুর, ফুলতলা, চকদেউলী, পাঁচ আনা ও চকমুকুন্দ।
পাঁচ আনা গ্রামের দিনমজুর ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, বর্ষাকালে বৃষ্টির পানিতে এই সড়কটি জলাবদ্ধ হয়ে পড়ে। তখন সড়কের মাটি কাদা হয়ে যায়। হাঁটুসমান কাদা ভেঙে আশপাশের গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বলেন, ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সড়কটির প্রায় এক কিলোমিটার পাকা করা হয়। এরপর সংস্কার করা হয় ২০০৭ সালে। কিন্তু সংস্কার করা অংশ এক মাসও টেকেনি। ওই সময় সামান্য বৃষ্টিতে সড়কটিতে জলাবদ্ধতা দেখা দেয়। এরপর পিচ উঠে যায়, গর্তের সৃষ্টি হয়। এত দিনে ওই অংশসহ গোটা রাস্তায়ই কাদা থিকথিক করে। বৃষ্টি হলে এই সড়কের ওপর দিয়ে চলাচলে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। ওই সাতটি গ্রামে অন্তত আড়াই হাজার পরিবার বসবাস করে।
৭ জুলাই বিকেলে সরেজমিনে দেখা যায়, ঢাকা-বগুড়া মহাসড়ক-সংলগ্ন ইউনিয়নের ওই সড়কের দুই কিলোমিটার অংশে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। তাতে বৃষ্টির পানি জমে আছে। পুরো সড়কেই কাদা জমে আছে। এ ছাড়া অবশিষ্ট এক কিলোমিটার কাঁচা রাস্তা। সেখানেও কাদাপানিতে মাখামাখি।
ফুলতলা গ্রামের দুই গৃহবধূ বলেন, বর্ষার সময় সড়কের কাদাপানির মধ্য দিয়ে ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এ কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। তখন বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।
মুদি দোকানি ফজলুল হক বলেন, সড়কে যাতায়াতে গ্রামের মানুষের কষ্ট বেড়ে যাওয়ায় তাঁর দোকানে বেচাকেনাও কমে গেছে।
স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, এই জনদুর্ভোগের বিষয়ে তিনিসহ অন্য ব্যবসায়ীরা একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
শাহবন্দেগী ইউপির এক নম্বর প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, সড়কটি সংস্কার করার মতো টাকা তাঁদের পরিষদে নেই।
সড়কের এই সমস্যা নিয়ে তিনি উপজেলা প্রকৌশলীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, সড়কটি সংস্কারের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।