যত্রতত্র রাস্তা পারাপার বন্ধ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে চলন্ত সিঁড়িসহ (এস্কেলেটর) একটি নতুন পদচারী-সেতু স্থাপন করা হয়েছিল। কিন্তু উদ্বোধনের এক মাস যেতে না যেতেই পদচারী-সেতুর পূর্ব পাশের চলন্ত সিঁড়িটি প্রায়ই বন্ধ রাখা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ জানায়, মানুষ পানি-কাদা নিয়ে পদচারী-সেতুতে ওঠেন। সেই কাদা চলন্ত সিঁড়ির ভেতরে ঢুকে যাওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছে।
চলন্ত সিঁড়িটি বন্ধ থাকায় এক পাশে পাকা করা সিঁড়ি দিয়ে অসংখ্য পথচারীকে প্রচণ্ড ভিড় ঠেলে বর্তমানে ওঠানামা করতে হচ্ছে। তাঁদের দীর্ঘ সারি ছড়িয়ে যায় পদচারী-সেতুর মাঝামাঝি স্থান পর্যন্ত।
গত ১৭ আগস্ট বিমানবন্দর চত্বরে দুটি চলন্ত সিঁড়ি যুক্ত করে এই পদচারী-সেতুর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। প্রকল্পটি বাস্তবায়নের কাজ করেছে নারায়ণগঞ্জের বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। সাদা রঙের কাঠামোর নতুন পদচারী-সেতুটি ৬৫ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ৭ মিটার প্রস্থের। চলন্ত সিঁড়ির দ্বিতীয় পদচারী-সেতু এটি। বনানীতে একই ধরনের আরেকটি সেতু আছে।
তবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই জনসাধারণের চলাচলের জন্য ৪ আগস্ট পদচারী-সেতুটি চালু করা হয়েছে। বিশেষ করে হজযাত্রীদের সড়ক পারাপারের অসুবিধা দূর করতে তখন এটি খুলে দেওয়া হয়।
বিমানবন্দর চত্বর পদচারী-সেতুর একটি চলন্ত সিঁড়ি বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান বিমানবন্দর চত্বরে দায়িত্বরত ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও পথচারীরা। তাঁদের মতে, চলন্ত সিঁড়ি থাকায় পদচারী-সেতুটি চালু হওয়ায় লোকজনের ব্যস্ত এই চত্বরে যত্রতত্র রাস্তা পারাপার অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু পূর্ব পাশের চলন্ত সিঁড়িটি বন্ধ থাকায় এখন হিতে বিপরীত হয়েছে। পথচারীরা আবার আগের মতো রাস্তা পারাপার হচ্ছেন।
মতিঝিলে কর্মস্থলে যাওয়া-আসার জন্য এই পদচারী-সেতু দিয়ে প্রতিদিন কমপক্ষে দুবার পারাপার হন মীর শরিফুর রহিম। তিনি প্রথম আলোকে বলেন, পদচারী-সেতু চালুর পর মাত্র ৩০ সেকেন্ডে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যেত। কিন্তু এখন সময় চলে যায় ১০ মিনিট। এর সঙ্গে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে গেছে।
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পদচারী-সেতুর মাঝামাঝি স্থান পর্যন্ত পদচারীদের ভিড় ছিল। ঠাসাঠাসি করে তাঁদের রেলস্টেশন প্রান্তে ওঠানামা করতে হচ্ছে সেতুর পাকা সিঁড়ি দিয়ে। এর পাশে চলন্ত সিঁড়ির প্রবেশমুখ বন্ধ করে রাখা হয়েছে। সে সময় দুজন লোক সেখানে বসিয়ে রাখা হয়েছিল।
তবে বিমানবন্দর স্টেশনে ট্রেন আসার সময় পদচারী-সেতুর ওপর যাত্রীদের ভিড় আরও বেড়ে যেতে দেখা যায়।
এদিকে নতুন পদচারী-সেতুর ২০ গজ দূরে পুরোনো সেতুটিও ভেঙে ফেলা হয়েছে। তাই নতুন সেতুর ওপর পথচারীদের চাপ আরও বেড়ে গেছে। তাঁদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বিমানবন্দর চত্বরের ট্রাফিক পরিদর্শক আবদুল আলীম চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রায় ১৫ দিন ধরে পদচারী-সেতুর একটি চলন্ত সিঁড়ি বন্ধ রাখা হচ্ছে। এর কারণ সিটি করপোরেশন থেকে জানানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক বিভাগের (উত্তর) ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সিটি করপোরেশনকে মৌখিকভাবে পথচারীদের সমস্যার কথা উল্লেখ করে চলন্ত সিঁড়িটি চালুর কথা জানানো হয়েছে। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য চলন্ত সিঁড়িটি চালু করা হয়।
চলন্ত সিঁড়ি বন্ধ করার কারণ সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্রাফিক প্রকৌশল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, প্রচুর বৃষ্টি হওয়ায় লোকজন পানি-কাদা নিয়ে পদচারী-সেতুতে ওঠেন। এই কাদা এস্কেলেটরের ভেতর চলে যাচ্ছে। এ কারণে এটি বিকল হয়ে যেতে পারে। তাহলে পদচারী-সেতুর পশ্চিম পাশের চলন্ত সিঁড়িটি কেন চালু রয়েছে—ডিএনসিসির এই কর্মকর্তার কাছ থেকে এর উত্তর মেলেনি।