কাদাপানিতে দাঁড়িয়েই পশু কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির পশু বেচাকেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। ছবিটি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ হাট থেকে তোলা l প্রথম আলো
কোরবানির পশু বেচাকেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। ছবিটি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ হাট থেকে তোলা l প্রথম আলো

পানিনিষ্কাশনের পথ নেই। কাদাপানিতে দাঁড়িয়েই ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের উপজেলার নেকমরদ হাটে কোরবানির পশু কেনাবেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। অথচ এই হাট থেকে সরকার প্রতিবছর কোটি টাকার বেশি রাজস্ব আদায় করছে।
হাটে পশু বিক্রি করতে আসা সদর উপজেলার কাচনা গ্রামের নরেশ চন্দ্র বলেন, ‘ভাই, সরকার খালি হামারটে টাকা নেয়। কিন্তু হামার দুঃখ-কষ্ট দেখে না। হাটত ঢুকিবা হইলে সেন্ডেল আগত হাটের বাহিরত রাখে আসা নাগে। কাদাপানিত দাঁড়াইয়া বেচাকেনা করিয়া হামার পায়ে ঘা ধরে গেইছে।’ বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি গ্রামের গরু বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘এমন কষ্ট করি কি এইটে আসি গরু বেচাবা যায়? এমনিতে দুর্গন্ধ, ফের সারাটা দিন কাদার মাঝোত দাঁড়ায়ে থাকিবার নাগে।’
নেকমরদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, নেকমরদ একটি ঐতিহ্যবাহী হাট। কিন্তু নানা সমস্যার কারণে এখন এ হাটের কদর কমে আসছে। হাট উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম জানান, বৃষ্টি হলেই পশু হাটে পানি জমে থাকায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি হচ্ছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। কোরবানির হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি এ সময়ে দূর করা সম্ভব নয়। পরে কমিটির সভা ডেকে হাটে কেনাবেচার পরিবেশ ফিরিয়ে আনতে নালা, গণশৌচাগার নির্মাণসহ নানা উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, জেলা ও জেলার আশপাশের এলাকা থেকে অসংখ্য ক্রেতা-বিক্রেতা নেকমরদ হাটে পশু কেনাবেচা করতে আসেন। প্রতিদিন বাজার বসলেও সপ্তাহের প্রতি রোববার এখানে হাট বসে। রাজস্ব আদায়ের হিসাব অনুযায়ী এ হাটটি এখন জেলার মধ্যে সবচেয়ে বড় হাট।
হাটের ইজারাদার তোজাম্মুল হকের প্রতিনিধি মো. মুকুল বলেন, এ বছর এক কোটি তিন লাখ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়েছে। বৃষ্টি হলে হাটে পানি জমে যায়। আবার বৃষ্টি না হলে কাদায় চারপাশ একাকার থাকে। এমন পরিবেশে অনেকেই এ হাটে গরু কিনতে আসতে চান না। এতে ক্রমেই হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা কমে আসছে।
সরকারি নীতিমালা অনুযায়ী, হাট ইজারার শতকরা ১৫ ভাগ টাকা সংশ্লিষ্ট হাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজে খরচ করার কথা। তবে যেসব হাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উন্নয়নমূলক কাজ করছে, সেসব হাটে শতকরা ১৫ টাকার পরিবর্তে হাট-বাজার রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে শতকরা ২৫ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া যাবে। আবার উপজেলার অন্য হাটগুলোর বিক্রয় ছাউনি, নলকূপ, গণশৌচাগার উন্নয়নের কাজে লাগাতে ইজারার শতকরা ১০ টাকা উপজেলা উন্নয়ন তহবিলে জমা করতে হবে। এ ছাড়া ইজারার শতকরা পাঁচ টাকা হাটটি যে ইউনিয়নে অবিস্থিত, সেই ইউনিয়ন পরিষদকে অতিরিক্ত হিসাবে দেওয়ার নিয়ম রয়েছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, বালিয়াডাঙ্গী-রানীশংকৈল আঞ্চলিক সড়কের পাশে নেকমরদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঞ্চলিক প্রকৌশলীর কার্যালয়ের পাশে বসেছে পশুর হাট। বিক্রেতারা সড়কের ওপর ভটভটি, নছিমন-করিমন ও পিকআপ রেখে পশু নিয়ে যাচ্ছেন হাটের ভেতরে। সীমানার ভেতরে ঢুকতেই পায়ের সেন্ডেল-জুতা খুলে তুলে নিচ্ছেন হাতে। এরপর কাদাপানি মাড়িয়ে টেনেহিঁচড়ে পশুকে নিয়ে যাচ্ছেন নির্ধারিত জায়গায়। হাঁটাচলার সময় তাঁদের পা ছয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত কাদার মধ্যে ঢুকে যাচ্ছে।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, শুধু পশুর হাটে নয়, হাটজুড়েই এ অবস্থা। রাজস্ব আয়ের শতকরা ১৫ টাকা হাটের উন্নয়নকাজে লাগানোর নিয়ম থাকলেও তা খরচ হচ্ছে না। দীর্ঘদিন উন্নয়ন না থাকায় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের কষ্টের শেষ নেই।