কাদাপানিতে দাঁড়িয়েই পশু কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বাদে কাল ঈদ। বৃষ্টিতে হাটে পানি জমে কাদা হয়ে আছে। হাটে কোরবানির পশু কিনতে আসা লোকজন সেই কাদাপানি মাড়িয়েই পশু কিনেছেন। ছবিটি গতকাল সকালে রানীশংকৈল উপজেলার নেকমরদহাট থেকে তোলা l প্রথম আলো
আজ বাদে কাল ঈদ। বৃষ্টিতে হাটে পানি জমে কাদা হয়ে আছে। হাটে কোরবানির পশু কিনতে আসা লোকজন সেই কাদাপানি মাড়িয়েই পশু কিনেছেন। ছবিটি গতকাল সকালে রানীশংকৈল উপজেলার নেকমরদহাট থেকে তোলা l প্রথম আলো

আজ বাদে কাল ঈদ। হাতে আর সময় নেই। যাঁরা কোরবানির পশু কেনার জন্য শেষ হাটের অপেক্ষা করেছিলেন, তাঁরা গতকাল রোববার রানীশংকৈলের উপজেলার নেকমরদ পশু হাটে এসে বিড়ম্বনায় পড়েন।
সামান্য বৃষ্টি হলেই নেকমরদ পশু হাটে পানি জমে যায়। আবার বৃষ্টি বন্ধ হলে কাদায় একাকার হয়ে যায় আশপাশ। গত শনিবার রাতভর বৃষ্টির পর একই অবস্থা দেখা যায়। উপায়ন্তর না দেখে কাদাপানিতে দাঁড়িয়েই কোরবানির পশু কেনাবেচা করতে হয়েছে ক্রেতা-বিক্রেতাদের।
নেকমরদ পশু হাটে গতকাল বেলা ১১টার দিকে দেখা যায়, বালিয়াডাঙ্গী-রানীশংকৈল আঞ্চলিক সড়কের ওপর ভটভটি, নছিমন-করিমন ও পিকআপ রেখে বিক্রেতারা পশু নিয়ে যাচ্ছেন হাটের ভেতরে। সীমানার ভেতরে ঢুকতেই পায়ের স্যান্ডেল-জুতো খুলে তুলে নিচ্ছেন হাতে। এরপর কাদাপানি মাড়িয়ে টেনেহিঁচড়ে পশুকে নিয়ে যাচ্ছেন নির্ধারিত জায়গায়। হাঁটাচলার সময় তাদের পা ৬ ইঞ্চি থেকে ১ ফুট পর্যন্ত কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। এর মধ্যে চলছে বেচাকেনা।
গতকাল নেকমরদ হাটে কোরবানির পশু কিনতে আসা রানীশংকৈলের নন্দুয়ার গ্রামের মো. আকতারুজ্জামান বলেন, ‘এ হাটে পশু কিনতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে ভেবে ঝুঁকি নিতে চাইনি। তাই পায়জামা হাঁটু পর্যন্ত গুটিয়ে, হাতে জুতো নিয়ে কাদাপানিতে নেমে পড়েছি।’

কোরবানির পশু কিনতে এসে হলদিবাড়ি গ্রামের এখলাসুর রহমান বলেন, একে তো পশুর দাম চড়া। তার ওপর যোগ হয়েছে কাদাপানির ভোগান্তি।

পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন আনসার আলী নামে এক গরুবিক্রেতা। তিনি বলেন, ‘তোমরা তো খালি তোমারলার কষ্ট দেখিলেন। হামার কষ্টের কথা কায় কহিবে।’

হাটে পশু বিক্রি করতে আসা রাতোর গ্রামের জয়ন্ত রায় বলেন, ‘ভাই, সরকার খালি হামারটে টাকা নেয়। কিন্তু হামার দুঃখ-কষ্ট দেখে না। হাটত ঢুকিবা হইলে স্যান্ডেল আগত হাটের বাহিরত রাখে আসা নাগে। এ কারণে খদ্দেরও ভেতরত আসিবা চাহে না।’

গরু ব্যসায়ী আজিজুল বলেন, ‘হাটে কাদাপানির কারণে গরু এনে সর্বনাশের মধ্যে পড়েছি।’

সরকারি নীতিমালা অনুযায়ী, হাট ইজারার শতকরা ১৫ ভাগ টাকা সংশ্লিষ্ট হাটের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজে খরচ করার কথা। তবে যেসব হাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উন্নয়নমূলক কাজ করছে, সেসব হাটে শতকরা ১৫ টাকার পরিবর্তে হাটবাজার রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনে শতকরা ২৫ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া যাবে। আবার উপজেলার অন্য হাটগুলোর বিক্রয় ছাউনি, নলকূপ, গণশৌচাগার উন্নয়নের কাজে লাগাতে ইজারার শতকরা ১০ টাকা উপজেলা উন্নয়ন তহবিলে জমা করতে হবে। এ ছাড়া ইজারার শতকরা পাঁচ টাকা হাটটি যে ইউনিয়নে অবস্থিত, সেই ইউনিয়ন পরিষদকে অতিরিক্ত হিসাবে দেওয়ার নিয়ম রয়েছে।

হাটের ইজারাদার তোজাম্মেল হক বলেন, এ বছর প্রায় কোটি টাকায় হাটটি ইজারা নেওয়া হয়েছে। বৃষ্টি হলে হাটে পানি জমে যায়। আবার বৃষ্টির পরে কাদায় চারপাশ একাকার থাকে। এমন পরিবেশে অনেকেই এ হাটে গরু কিনতে আসতে চান না। এতে ক্রমেই হাটে ক্রেতা-বিক্রেতার সংখ্যা কমে আসছে। জায়গাটি হাটের নিজস্ব না হওয়ায় এখানে স্থায়ী কোনো কাজ করা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, বৃষ্টি হলেই পশুর হাটে পানি জমে থাকায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি হচ্ছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি দূর করার উদ্যোগ নেওয়া হবে।