কাদাপানিতে সয়লাব নারিন্দার খোকা মাঠ

নারিন্দার সাদেক হোসেন খোকা মাঠটিকে খেলার মাঠ বলে চেনা যায় না। মাঠজুড়ে কাদা। জায়গায় জায়গায় নালা কাটা। এলাকাবাসী বলছেন, মাঠের দুরবস্থার জন্য এখানে তেমন কেউ খেলতেও আসে না।
মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠটির অবস্থান নারিন্দার বেগমগঞ্জ এলাকায়। গত বুধবার গিয়ে দেখা যায়, মাঠটিতে কোনো ঘাস নেই। মূল ফটক থেকে শুরু করে সোজা সীমানাপ্রাচীর পর্যন্ত লম্বা নালা কাটা। এবড়োখেবড়ো মাঠটির জায়গায় জায়গায় পানি জমে আছে। কাদায় পিচ্ছিল হয়ে আছে মাঠ।
মাঠের দরজায় বসে আড্ডা দিচ্ছিলেন পাশের ওয়ার্কশপের কয়েকজন কর্মী। তাঁরা বললেন, ঈদে গরুর হাট বসার পর থেকেই এ অবস্থা। তখন হাটের আবর্জনা-ময়লা পানি যাওয়ার জন্য এই নালাগুলো কাটা হয়। পরে আর সেগুলো সমান করা হয়নি।
মাঠের দক্ষিণ দিকে হাঁটার জন্য প্রায় আড়াই ফুট দৈর্ঘ্যের ইট বিছানো একটি পথ রয়েছে। সেই সংকীর্ণ অংশে খেলা করছিল চারজন কিশোর। তাদের একজন অষ্টম শ্রেণির ছাত্র আল-আপন বলে, বৃষ্টি হলেই মাঠে কয়েক দিন পানি জমে থাকে। মাঠের এই অবস্থার কারণে এখন আর তেমন কেউ খেলতেও আসে না। আপনের কথায়, ‘এই পিছলা মাঠে খেলতে গেলেই তো হাত-পা ভাঙবে।’
বেগমগঞ্জ এলাকার বাসিন্দা মো. বাবুল বলেন, ‘সন্ধ্যায় মাঠে খারাপ পোলাপান আড্ডা জমায়। গ্যাঞ্জাম করে।’
সাদেক হোসেন খোকা মাঠটি দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের অধীন। মাঠের দুরবস্থা নিয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম খান বলেন, ‘আমার কাজ হলো চরিত্র ভালো না খারাপ আর জন্ম-মৃত্যুর সার্টিফিকেট দেওয়া। এলাকার উন্নয়নের জন্য আমরা কিছু বললেও সিটি করপোরেশন শোনে না। আমরা তো আর সিগনেচার অথরিটি না।’
মাঠের বিষয়ে জানতে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালেদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।