কাদাপানিতে ১৬ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদা ও পানির কারণে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের কদমতলী-খামারপাড়া কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছেন ১৬টি গ্রামের মানুষ।মানসিংহপুর কবিরাজপাড়া গ্রামের জালাল উদ্দিন (৩৫) বলেন, ‘আমার বাড়ি থেকে বদরগঞ্জ উপজেলা সদরের দূরত্ব নয় কিলোমিটার। কিন্তু রাস্তায় পানি জমে কাদা হওয়ার কারণে ১৪ কিলোমিটার ঘুরে সেখানে যাতায়াত করতে হয়।’স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কদমতলী-খামারপাড়া কাঁচা রাস্তাটি অবস্থিত। এটি কদমতলী থেকে খামারপাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার। এই রাস্তা দিয়ে ১৬টি গ্রামের মানুষ চলাচল করে। মানসিংহপুর কবিরাজপাড়া গ্রাম এলাকায় এই রাস্তার আড়াইশ মিটার অত্যন্ত নিচু। রাস্তাটি ওই গ্রামের ভেতর দিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে উপচে গ্রামটি পর্যন্ত তলিয়ে যায়। শুকনো মৌসুমে ধুলাবালু আর বর্ষায় কাদাপানির কারণে এই রাস্তা দিয়ে স্কুলের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।সরেজমিনে দেখা গেছে, মানসিংহপুর কবিরাজপাড়া এলাকায় রাস্তাটিতে কাদা ও পানি জমে আছে। সেই পানি উপচে গ্রামের কয়েকটি কাঁচা ঘরবাড়ি প্লাবিত হয়েছে।কথা হয় এই গ্রামের কৃষক আবদুল হামিদের (৫০) সঙ্গে। তিনি বলেন, ‘আস্তাটা খিব নিচা। পানি হইলে আস্তা ঢুবি যায়া বাড়ি-ঘরোত পানি ঢুকি ঘর ধসি পড়ে।’ গৃহিণী মাসুদা বেগম (৪৫) বলেন, ‘ভোটের সমায় চেয়ারম্যান-মেম্বার-এমপি সবায় কতা দেছলো আস্তাটা উঁচা করি দেবে। এলা কায়ো ধরা দেওচে না।’আমরুলবাড়ী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আয়শা খাতুন বলে, ‘কাদাপানির কারণে ওই রাস্তা দিয়ে স্কুলে যাইতে পারি না।’রাধারগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল হক জানান, ওই গ্রামের ভেতরের রাস্তাটুকুতে এর আগে মাটি দেওয়া হয়েছে, তাতে কাজ হয়নি। পানি নিষ্কাশনের জন্য সেখানে নালার প্রয়োজন। এ জন্য চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর বরাবরে পত্র দেওয়া হয়েছে। ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ আলী বলেন, ‘গ্রামটির সমস্যার কথা জানা আছে। এবার বরাদ্দ পেলে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।’ উপজেলা প্রকৌশলী এ কে এম সাদেকুর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’