
হেলেদুলে চলতে থাকা ইজিবাইকের এক চাকা আটকা গেছে গর্তে। চার যাত্রীর দুজন তাই বাধ্য হয়ে সড়কে জমে থাকা ময়লা কাদাপানিতেই নামলেন। পেছনেই এক রিকশাচালক ভাঙা সড়কে দুই যাত্রী নিয়ে তাঁর রিকশাটি টেনে নিতে হিমশিম খাচ্ছেন।
এটি গ্রামীণ কোনো রাস্তার চিত্র নয়। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের সামনের সড়ক। ভাঙাচোরা সড়কে পানি জমে থাকায় চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। এই সড়কের আশপাশের কয়েকটি সড়কের অবস্থাও একই রকম।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, মহাখালী থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে আসার সড়কটি ময়লা-কাদাপানিতে ডুবে আছে। মহাখালী সাততলা বস্তির লোকজনের চলাচলের অন্যতম পথও এটি। সবচেয়ে খারাপ অবস্থা হাসপাতালের পেছন দিকের ফটকের সামনে। এই সড়কে চলে ইজিবাইক, মিশুক ও রিকশা। পানিতে ডুবে থাকা খানাখন্দের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
এই সড়কে নেই কোনো ফুটপাত। সড়কের ড্রেনের ওপর বাঁশ-কাঠ বসিয়ে কোনোমতে হাঁটার ব্যবস্থা করা হয়েছে। রাস্তার দুই পাশে নানা ধরনের দোকান। হাঁটাচলার উপায় না থাকায় পথচারীদের ওই ময়লা পানি-ই মাড়িয়ে রাস্তা পার হতে হচ্ছে।
এলাকার অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের পানিনিষ্কাশন ব্যবস্থা প্রায় অকেজো হয়ে পড়েছে। পাশের ড্রেনগুলো ময়লা জমে বন্ধ হয়ে গেছে। ফলে পানি সরে না। গর্তগুলোতে কিছুদিন আগে ইট-বালু ফেলা হয়েছিল। সেগুলোর কারণে এখন অবস্থা আরও খারাপ হয়েছে।
মিরপুর থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে মেয়েকে নিয়ে এসেছেন জাহাঙ্গীর মিয়া। বেড়ালের আঁচড়ে ক্ষতবিক্ষত মেয়েকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে গিয়েই পড়েন ভোগান্তিতে। তিনি বলেন, ‘মিরপুর থেকে মহাখালী পর্যন্ত ভালোমতোই আসছিলাম। মহাখালী থেকে রিকশা নিয়ে হাসপাতালে আসতে আসতে রিকশাওয়ালা হয়রান হয়া গেছে, আমরাও। গ্রামের রাস্তার চাইতেও খারাপ অবস্থা।’
সংক্রামক ব্যাধি হাসপাতালের একটু সামনেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্প পরিচালকের কার্যালয়। এই কার্যালয়ের সামনের সড়কেও জমে আছে কাদাপানি। রাস্তার পাশে ময়লা-আবর্জনার স্তূপ। সব মিলিয়ে দুর্গন্ধে টেকা দায়।
প্রকল্প পরিচালকের কার্যালয়ের কর্মচারী স্বপন মিয়া বলেন, ‘সরকারি হাসপাতাল-অফিসে লোকজন আসা-যাওয়া করতে পারেন না। ড্রেনের ময়লা পানি না মাড়িয়ে চলার কোনো উপায় নেই। কত দিন ধরে শুনতেছি ঠিক হবে, কিন্তু হচ্ছে না। কর্মকর্তা-কর্মচারী সবাই এই রাস্তা নিয়া হতাশ।’
এই সড়কে আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালের যন্ত্রপাতি মেরামত করার ওয়ার্কশপ, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের মতো প্রতিষ্ঠানের সামনের সড়কগুলোরও বেহাল দশা। এসব প্রতিষ্ঠানের আশপাশেও ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ।
মহাখালী এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান শরীফ প্রথম আলোকে বলেন, ‘এ রাস্তাগুলোর গর্ত শুধু বর্ষার কারণে হয়েছে এমন না। কিছু হয়েছে রাস্তা খোঁড়ার কারণে, কিছু হয়েছে এমনি। আমাদেরও কিছু সীমাবদ্ধতা ছিল। গত বছর রাস্তাগুলো ঠিক করার কথা থাকলেও নানা কারণে সম্ভব হয়নি।’
নুরুজ্জামান শরীফ আরও বলেন, ‘গুলশান-মহাখালী এলাকার রাস্তাগুলোর বিষয়ে মেয়র মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আগামী ১৫ দিনের মধ্যে সড়কগুলো চলাচলের উপযোগী করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃষ্টি না থাকলে ১৫ দিনের মধ্যে রাস্তাগুলো সংস্কার করা হবে।’