কাদাভর্তি সড়কে হাঁটাও দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি পৌরসভার এফ ব্লকের পূর্বপাড়ার বেহাল সড়ক l প্রথম আলো
বাঘাইছড়ি পৌরসভার এফ ব্লকের পূর্বপাড়ার বেহাল সড়ক l প্রথম আলো

চারদিকে কাদা। কোনো কোনো স্থানে কাদার গভীরতা এত বেশি যে হাঁটাও দায় হয়ে পড়েছে। এই চিত্র বাঘাইছড়ি পৌর সদরের এফ ব্লক সড়কের।

 স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা রাস্তাটি পাকা অথবা ইট বিছানোর জন্য অনেকবার আবেদন করা হয়। কিন্তু কোনো জনপ্রতিনিধি এ রাস্তার উন্নয়নে পদক্ষেপ নেননি। ২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা গঠিত হওয়ার পর গ্রামের লোকজন পৌর প্রশাসক ও নির্বাচিত মেয়রকে রাস্তা নির্মাণের জন্য আবেদন করেন। তাতেও কোনো কাজ হয়নি।

সরেজমিনে দেখা যায়, পৌনে এক কিলোমিটার সড়কটিতে পা ফেলার অবস্থাও নেই। গাড়ি চলাচল অনেকটা বন্ধ রয়েছে। কাদা মাড়িয়ে চলতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের।

এফ ব্লকের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, রাস্তাটি পৌনে এক কিলোমিটার হবে। অথচ এটি সংস্কারে কেউ ব্যবস্থা নিচ্ছে না। রাস্তায় কাদা ও খানাখন্দ বেড়ে যাওয়ায় কোনো গাড়ি চলছে না। ফলে রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিতে প্রথমে কাঁধে করে বটতলী-উপজেলা সড়কে নিতে হয়।

একই গ্রামের নূর মোহাম্মদ বলেন, ‘কাপ্তাই বাঁধের ফলে উদ্বাস্তু হওয়ায় আমাদের এখানে (এফ ব্লক পূর্বপাড়ায়) পুনর্বাসন করা হয়। তখন থেকে রাস্তাটি পাকা কিংবা ইট বিছানোর জন্য দাবি করে আসছি। কিন্তু কেউ কানে তুলে না আমাদের কথা। শুষ্ক মৌসুমে খানাখন্দ ও বর্ষায় হাঁটুসমান কাদামাটি মাড়িয়ে পথ চলতে হচ্ছে।’

এ ব্যাপারে পূর্বপাড়ার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মিয়া বলেন, বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে গ্রামের লোকজন এই সড়কে চলাচল করছেন। সড়কটিতে ইট বিছানোর জন্য মেয়রকে একাধিকবার বলেছি। গত বছর একবার দরপত্রের প্রক্রিয়া পর্যন্ত গেছে, কিন্তু পরবর্তী সময়ে আর হয়নি।

পৌর মেয়র আলমগীর কবির বলেন, ভবিষ্যতে সড়কটির জন্য চার লাখ টাকার একটি প্রকল্প দেওয়া হবে। পর্যায়ক্রমে এটিতে ইট বিছানো হবে।