কাদামাটি, গর্তে ভরা মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা। রাস্তার পিচ উঠে গেছে বহু আগেই। খানাখন্দ বড় হতে হতে বর্তমানে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিপদ এড়াতে রাস্তার মধ্যেই লাল নিশানা টাঙানো হয়েছে। গতকাল ছবিটি তুলেছেন সাহাদাত পারভেজ
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা। রাস্তার পিচ উঠে গেছে বহু আগেই। খানাখন্দ বড় হতে হতে বর্তমানে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিপদ এড়াতে রাস্তার মধ্যেই লাল নিশানা টাঙানো হয়েছে। গতকাল ছবিটি তুলেছেন সাহাদাত পারভেজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যেন কাদামাটির সড়ক। মহাসড়কের অন্তত ১০টি স্থানে পিচের অস্তিত্বই নেই। কাদামাটি আর গর্তে ভরা পথ চলতে চলতে পিচ খুঁজে নিতে হয়। ভাঙা রাস্তা ও যানজটের কারণে স্বল্প দূরত্বের এই মহাসড়কে যাত্রা দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে উঠেছে। 
ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহের মাসকান্দা টার্মিনাল পর্যন্ত এই মহাসড়কের দূরত্ব ১১২ কিলোমিটার। ঢাকার জিরো পয়েন্ট থেকে ধরলে ১২২ কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে কম দূরত্বের মহাসড়ক এটি। এই পথে বাসে যেতে এখন ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগছে। ময়মনসিংহ পার হয়ে নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের গাড়ি যায়। তবে ওই দিকটায় পথ তুলনামূলক ভালো।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৭ কিলোমিটার পথ চার লেনে উন্নীত করার কাজ চলছে। ঈদ ঘনিয়ে আসায় এই সড়কে চলাচল এখন যাত্রীদের জন্য বড় দুর্ভোগ আর দুশ্চিন্তার কারণ হয়েছে।
মহাসড়কটির অবস্থা সরেজমিনে দেখতে গতকাল বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজার থেকে সকাল ১০টায় এই প্রতিবেদক যাত্রা শুরু করেন। সাতরাস্তার উড়ালসড়ক নির্মাণকাজের জন্য ভেঙে যাওয়া সড়ক মাড়িয়ে প্রথমে মহাখালী। সেখান থেকে মসৃণ সড়ক ধরে যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। স্টাফ রোডের উড়ালসড়কে গাড়ি ঠায় দাঁড়িয়ে থাকল আধা ঘণ্টা। উত্তরার যানজট ঠেলে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার উড়ালসড়কের কাছে পৌঁছাতে বেজে যায় দুপুর সাড়ে ১২টা। এই ২২ কিলোমিটার পথ পাড়ি দিতে লেগেছে আড়াই ঘণ্টা।
সেখানে পৌঁছে ফুটওভার ব্রিজের গায়ে টানানো একটি ব্যানারে চোখ আটকে যায়। ‘আপনার নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর’ লিখে স্বাগত জানাচ্ছে গাজীপুর জেলা পুলিশ। এইটুকু পড়ে পরবর্তী যাত্রা মোটামুটি নিরাপদ ভেবেই সামনের দিকে চলা শুরু করেন মাইক্রোবাসের চালক লিটন শিকদার। তাঁর এই নিশ্চিন্ত যাত্রা ধাক্কা খায় ভোগড়া বাইপাসে গিয়ে। পিচের রাস্তা থেকে হঠাৎই ভাঙাচোরা ও গর্তে ভরা সড়ক। আগের দিনের বৃষ্টির কারণে নর্দমা উপচে যে কাদাপানি সড়কে পড়েছিল, তা শুকাতে পারেনি। গাড়ির গতি কমে আসে, ঘণ্টায় আট কিলোমিটার। এভাবে এবড়োখেবড়ো ও কাদা মারিয়ে চান্দনা চৌরাস্তায় এসে চালক লিটন হতাশ। বললেন, ‘আগেই তো ভালো ছিল। সামনে তো খাল।’
চান্দনা চৌরাস্তা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শুরু। বিদ্যমান সড়কের পাশে মাটি ফেলে সড়ক সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু কোথাও পিচের কোনো চিহ্ন নেই। বড় বড় গর্তে চাকা আটকে গাড়িগুলো দুলে দুলে চলছে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলে গাড়ির চাকা আর এক্সেলেটরের মড়মড়, মটমট শব্দ।
চান্দনা চৌরাস্তার স্যানিটারি মালামালের দোকানদার আলিমুল ইসলাম বলেন, গাড়ি চলার সময় গত মঙ্গল ও বুধবার রাস্তা থেকে তাঁর দোকান পর্যন্ত কাদাপানি ছিটে ছিটে এসেছে। এই দুর্ভোগ না দেখলে বোঝা যাবে না।
বুধবার বিকেলে গাজীপুরের সালনা এলাকায় ভাঙা রাস্তায় একটি ট্রাক ফেঁসে যায়। এতে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় বিভিন্ন গাড়ির যাত্রীদের। ঢাকা-ময়মনসিংহ পথে চলাচলকারী এনা পরিবহনের বাস চালান শামীম ও আবদুর রহিম। আবদুর রহিম জানান, বুধবার বিকেল পাঁচটা ৪০ মিনিটে মহাখালী থেকে বাস ছেড়ে ময়মনসিংহে পৌঁছান রাত পৌনে তিনটায়। যানজটে আটকে থাকা আর গর্তে পড়ে ঝাঁকির কারণে গত সপ্তাহে তাঁর বাসের চাকার ওপরে থাকা ১০টি স্পিং ভেঙে যায়। তিনি বলেন, চাকা গর্তে পড়ে ঝাঁকি দিলে বাসের জানালার কাচও ফেটে ভেঙে যায়।
ঢাকা-ঝিনাইগাতী পথের মনিষা-মুসকান পরিবহনের কর্মী মাহবুবুর রহমান বলেন, এই পথে চলার সময় মানুষ, গাড়ি কারোরই জান থাকে না। গাড়ির তো নাড়িভুঁড়ি নাই, আছে যন্ত্রপাতি। সবই আলগা হয়ে যাওয়ার জোগাড়।
চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। এই পথে গাজীপুর পুলিশের টানানো নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা-সংবলিত আরও ব্যানার দেখা গেছে। কিন্তু এই অংশের পুরোটাই এত বেহাল যে এর বেশির ভাগ জুড়ে পিচ তো দূরে থাক, ইটেরই দেখা মিলল না। লাল মাটির পথে কোথাও কাদা, কোথাও গভীর গর্ত। কোথাও আবার পানি জমে আছে।
মাওনা চৌরাস্তায় চার লেন প্রকল্পের অধীন উড়ালসড়ক নির্মাণের কাজ চলছে। মাঝখানে বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। দুই পাশ দিয়ে যানবাহন চলার স্থানে রাস্তায় কোনো পিচ নেই। স্থানীয় লোকজন জানান, বৃষ্টি হলে কাদাপানিতে ডুবে যায়। আর টানা রোদ থাকলে ধুলায় চারদিক অন্ধকার থাকে।
চান্দনা থেকে মাওনা পর্যন্ত পথের অন্তত আট কিলোমিটারে কোনো পিচ নেই। তবে তা একটানা নয়। চান্দনা চৌরাস্তা, সালনা, পোড়াবাড়ি, বেতজুড়ি, হ্যাপি ডে ইন রেস্তোরাঁ, রাজেন্দ্রপুর চৌরাস্তা, হোতাপাড়া ও মাওনা এলাকার অবস্থা একেবারেই বেহাল। এসব স্থানে সড়কের ২০০ মিটার থেকে টানা দেড় কিলোমিটার পর্যন্ত মহাসড়ক পিচহীন, উঁচু-নিচ ও গর্তে ভরা।
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় দেখা গেল মেরামতকর্মীরা আস্ত ইট রেখে এর ওপর বালু ফেলছেন। এরপর রোলার দিয়ে সমান করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মেরামতকর্মী বললেন, এগুলো দিয়ে সকালে মেরামত করলে বিকেলেই নাই হয়ে যায়।
শ্রীপুরের জৈনাবাজার বাদ দিলে ভালুকা পর্যন্ত পিচঢালা সড়ক বেশ ভালো। এরপর কেবল ভালুকার সিডস্টোর বাজার এলাকায় বড় কয়েকটি গর্ত চোখে পড়ল। এরপর ভালুকা পৌর এলাকায় আবার সেই পিচবিহীন মহাসড়ক। পৌর এলাকার কাঁঠালী থেকে ভরাডোবা পর্যন্ত প্রায় সাত কিলোমিটারের বেশির ভাগ অংশই বেহাল। পিচঢালা পথ লাল মাটির সড়কে পরিণত হয়েছে। ভরাডোবায় বড় বড় গর্তে পড়ে গাড়ির চাকা লাফিয়ে লাফিয়ে ওঠে।
তবে মহাসড়কের ত্রিশাল ও ময়মনসিংহ সদর অংশের বেশির ভাগেই চার লেনের কাজ সম্পন্ন হয়েছে। ফলে এই অংশটা ভালো বলে চালকেরা জানিয়েছেন।
ভরাডোবায় পৌঁছাই বিকেল পাঁচটায়। কারওয়ান বাজার থেকে গাড়ি চলেছে ৮০ কিলোমিটার। সময় লেগেছে সাত ঘণ্টা। এক ঘণ্টা যাত্রাবিরতি ধরলে ৮০ কিলোমিটার পথ চলতে নোয়াহ মাইক্রোবাসটির সময় লেগেছে ছয় ঘণ্টা। ভরাডোবা থেকে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালের দূরত্ব আরও ৩০ কিলোমিটার।
রাস্তার এই অবস্থার বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন প্রকল্পের পরিচালক হাফিজুর রহমান বললেন, ‘মেরামত মানেই অস্থায়ী বিষয়। যানবাহন চলাচল অব্যাহত রাখার ব্যবস্থা। আমরা সেটা করছি। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আমরাও মেরামত করেই যাচ্ছি।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘অবস্থা এমন, যাত্রীর তো সমস্যা হয়ই। চালকেরা একবার গেলে আর যেতে সাহস পান না।’
সমস্যার প্রকল্প, মানুষের দুর্ভোগ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত চার লেন করার লক্ষ্যেÿ২০১০ সালে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এর আওতায় বিদ্যমান দুই লেনের মহাসড়কটি সম্প্রসারণ করে এর মাঝখানে সড়ক বিভাজক দেওয়ার কথা রয়েছে। গত জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু গত আগস্ট পর্যন্ত কাজ হয়েছে মাত্র সাড়ে ৫৭ শতাংশ। কিন্তু এর মধ্যে ব্যয় বেড়ে গেছে দ্বিগুণ।
প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯০২ কোটি টাকা। এখন তা দাঁড়িয়েছে এক হাজার ৮১৫ কোটিতে। প্রকল্পের কাজ শেষ করার নতুন সময়সীমা আগামী বছরের জুন মাসে। কিন্তু সওজের কর্মকর্তারা জানান, এই সময়ের মধ্যে কোনোভাবেই কাজ শেষ করা যাবে না।
সওজ সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত ৩০ কিলোমিটার চার লেন করার কাজ পেয়েছিল বাংলাদেশের এন্ট্রাকো ও চীনের এইচআরবিসি। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দরপত্র দলিলে জালিয়াতির অভিযোগ এনে বাদ দেওয়া হয়। বিষয়টি মোকদ্দমায় গড়ায়। পরে সেনাবাহিনীর ১৭ ইসিবিকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়। সেনাবাহিনী ইনফ্রাটেক ও আবদুল মোনেমসহ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কাজটি করাচ্ছে। এর মধ্যে ইনফ্রাটেকের চেয়ারম্যান হায়দার আলী ওরফে রতন নিজেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে বলে পরিচয় দেন। ২০১১ সালের পর এই প্রতিষ্ঠান মেঘনা-গোমতী সেতুর মেরামতকাজও করে। পদ্মা সেতু প্রকল্প এলাকায় নদীতীর রক্ষার কাজও করছে প্রতিষ্ঠানটি।
জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমার চৌদ্দগুষ্টির মধ্যে এ ধরনের কোনো ভাগনে নেই। মন্ত্রী হওয়ার পর এ ধরনের অনেক ভাগনে গজায়।’
গাজীপুরের নয়নপুর থেকে ত্রিশালের রায়মণি পর্যন্ত ৩০ কিলোমিটারের কাজ পায় বাংলাদেশের প্রজেক্ট বিল্ডার্স ও চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানি। প্রতিষ্ঠানটি পদ্মা সেতুর মূল কাজও পেয়েছে। আর রায়মণি থেকে ময়মনসিংহ অংশের কাজ করছে বাংলাদেশের তমা গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ ও চীনের একটি প্রতিষ্ঠান।
এর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি নেওয়া হলেও ২০০৬ সালে সংস্থাটি দুর্নীতির অভিযোগে সওজের প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেয়। এরপর দেশীয় অর্থায়নে চার লেনের কাজ চলছে। এখন পর্যন্ত ২৯ কিলোমিটার পথ চার লেনে সম্প্রসারণ করা হয়েছে। কিছু কিছু স্থানে যেখানে বিদ্যমান সড়ক ভাঙাচোরা, সেখানে সম্প্রসারিত অংশ দিয়ে যানবাহন চলে।
অন্তত জয়দেবপুর থেকে মাওনা পর্যন্ত রাস্তা ঈদের আগে ভালো হবে কি না, জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এটা নির্মাণ করতে আর্মি (সেনাবাহিনী) ইতিমধ্যে কাজ শুরু করেছে। আশা করি ঈদের আগে সবকিছু ঠিক হয়ে যাবে।’ তিনি বলেন, অন্যান্য রাস্তার কাজও যথাসময়ে শেষ হয়ে যাবে।