
কাদামাটির ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গতকাল শুক্রবার ভেসেছে পানিতে। ময়মনসিংহের চরপাড়া থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের অন্তত ২০টি স্থানে পানি জমে যায় বৃষ্টিতে।
স্থানীয় বাসিন্দা, যানবাহনের চালক ও হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ভালুকা, শ্রীপুর ও চান্দনা চৌরাস্তায় কিছু মেরামতকাজ চলে। পিচের রাস্তায় যেখানে গর্ত ছিল, সেগুলোতে পিচ ঢেলে দেয় মেরামতকর্মীরা। আর যেখানে পিচবিহীন, সেখানে দেওয়া হয় আস্ত ইটের প্রলেপ। কিন্তু বৃষ্টির পর এর বেশির ভাগই ভেসে যায়।
আগের দিন ভালুকা থেকে প্রতিবেদন লিখে রাত্রী যাপনের জন্য ময়মনসিংহ শহরের চলে যান এই প্রতিবেদক। ময়মনসিংহ টাউন হলের কাছ থেকে কারওয়ান বাজারের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু হয় গতকাল বেলা ১১টায়।
কালো আকাশ তখনই বৃষ্টির ইঙ্গিত দিচ্ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজে পার হওয়ার পরই শুরু হয় তুমুল বৃষ্টি। কয়েক কিলোমিটার দূরের শিকাড়িকান্দা আসতেই দেখা যায় মহাসড়কের বড় বড় গর্তে পানি জমে গেছে। যানবাহনের চাকা পড়ার সঙ্গে সঙ্গেই চারদিকে ছড়িয়ে পড়ছে পানি। বৃহস্পতিবার রাতে সেখানে গর্ত ছিল, কিন্তু পানি ছিল না।
ত্রিশালে আসতে আসতে বৃষ্টি থেমে যায়। এই অংশে চার লেনের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু মাঝখানে সড়ক বিভাজক বসানো হয়নি। দুই দিকের পিচের মাঝখানে তিন-চার ফুট মাটির অংশ। সেখানে বৃষ্টির পানি জমে তা সড়কের ওপর উপচে পড়ছে।
আগের রাতে ময়মনসিংহে যাওয়ার সময় ভালুকার ভরাডোবায় এসে গাড়ি তীব্র ঝাঁকুনি খেয়েছিল। ফেরার পথে দেখা যায় বড় গর্তগুলোতে পানি জমে আছে। কাদা-জলের পথে ধীরগতিতে চলতে থাকে গাড়ি। এভাবে ভরাডোবা থেকে ভালুকা পৌর এলাকার কাঁঠালী এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটারের দেখা যায়, কোথাও কাদা, কোথাও পানি জমে গেছে। পিচের কোনো চিহ্ন নেই। কাঁঠালী থেকে কিছুটা এগিয়ে পিচের রাস্তা পাওয়া যায়, তবে তা এবড়োখেবড়ো। ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কর্মী ট্রাক থেকে পিচ এনে গর্ত ভরাট করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, যেখানে পিচ আছে সেখানে কিছু মেরামত করা হচ্ছে। কাদাতে তো আর মেরামত চলে না।
দুপুর দেড়টার দিকে ভালুকার সিডস্টোর বাজারে এসে যানজটে পড়তে হয়। কারণ, সেখান থেকে গাজীপুরে শ্রীপুর জৈনাবাজার পর্যন্ত সড়কের একটা বড় অংশেই পানি জমে ছিল। শ্রীপুরের মাওনাতে এসেও একই অবস্থা দেখা যায়। দুই পাশের সড়কের অর্ধেকই পানির নিচে চলে গেছে। আড়াইটার দিকে শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি গেট এলাকায় এসে দেখা যায় প্রায় এক কিলোমিটার পথে মহাসড়কের এক পাশ পানিতে ডুবে গেছে।
সেখান থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসতে মাস্টারবাড়ী, হোতাপাড়া, রাজেন্দ্রপুর, সালনাসহ বেশ কিছু স্থানে মহাসড়কের গর্তে পানি জমে থাকতে দেখা যায়।
চান্দনা চৌরাস্তায় যখন গাড়ি পৌঁছায়, তখন ঘড়িতে সময় চারটা। আকাশ প্রচণ্ড মেঘলা। বৃহস্পতিবার সেখানে সড়কের মধ্যে লাল নিশান টাঙিয়ে গর্ত চিহ্নিত করে রাখা হয়েছিল। গতকাল গিয়ে নিশান পাওয়া যায়নি। দেখে মনে হয়েছে বড় গর্তগুলোতে আস্ত ইটের মেরামত করা হয়েছে। স্থানীয় দোকানদারেরা জানান, সকালেই এসব মেরামত করা হয়। কথা বলতে বলতেই আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টি। ২০ মিনিটের বৃষ্টিতে পুরো এক কিলোমিটারজুড়ে পুকুরে পরিণত হয়। যানবাহনগুলো খুব ধীরে, সতর্কতার সঙ্গে চলতে দেখা যায়। এরপরও ডানে-বাঁয়ে কাত হয়ে যাচ্ছিল। ট্রাকচালক আবুল হোসেন বলেন, ‘একটু এদিক-সেদিক হলেই ফাইসা যাইব। সাবধানে না চালাইলে কপালে বিপদ আছে। দরকার হইলে তিন ঘণ্টা বেশি সময় লাগব। কিন্তু বিপদ ডাইকা আনন যাইব না।’
চান্দনা চৌরাস্তা থেকে রওনা হয়ে ভোগড়া বাইপাসের বেহাল সড়ক, টঙ্গী ও উত্তরার যানজট ঠেলে কারওয়ান বাজারে পৌঁছাতে বেজে যায় সন্ধ্যা ছয়টা।