কাদায় ঢেকে গেছে, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটের খোয়া উঠে পুরো সড়ক পানি–কাদায় একাকার হয়ে গেছে। ছবিটি গতকাল সকালে জামালপুর শহরের মালগুদাম সড়কের রেলস্টেশন ফুটওভারব্রিজের সামনে থেকে তোলা l প্রথম আলো
ইটের খোয়া উঠে পুরো সড়ক পানি–কাদায় একাকার হয়ে গেছে। ছবিটি গতকাল সকালে জামালপুর শহরের মালগুদাম সড়কের রেলস্টেশন ফুটওভারব্রিজের সামনে থেকে তোলা l প্রথম আলো

জামালপুর পৌর শহরের মালগুদাম-ভোকেশনাল সড়কটি নয় মাস ধরে চলাচলের অযোগ্য হয়ে আছে। কার্পেটিং উঠে বৃষ্টির পানিতে কাদায় ঢেকে রাস্তাটিকে আর রাস্তা বলেই চেনা যায় না। পুরো সড়কটি পিচ্ছিল হয়ে হাঁটা তো যায়ই না, যান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা হলেও পৌর কর্তৃপক্ষ তা মেরামতের কোনো উদ্যোগই নেয়নি।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, শহরের গেটপার থেকে মালগুদাম-ভোকেশনাল সড়কটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যুক্ত হয়েছে। সড়কটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। পুরো সড়কের কোথাও কার্পেটিংয়ের চিহ্ন নেই। গেটপার এলাকার ইজিবাইক স্ট্যান্ড মোড়, রেলস্টেশন ফুটওভারব্রিজ ও জিয়া হেলথ ক্লিনিকের সামনে, ভোকেশনাল এলাকায় সড়কটিতে ছোট-বড় বহু গর্ত তৈরি হয়েছে। এ ছাড়া রেলস্টেশন ফুটওভারব্রিজের সামনে হাঁটুসমান গর্তে পানি জমে রয়েছে। সেখানে রেলওয়ে স্টেশনের ভবন ঘেঁষে যানবাহন চলাচল করছে।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক রফিকুল ইসলাম বলেন, ‘শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক এটি। দীর্ঘদিন ধরে পুরো সড়কটি বড় বড় গর্তে ঢেকে আছে। এগুলোতে পানি জমে থাকায় চলাচল করা যায় না। পুরো সড়কের কোথাও পিচের চিহ্ন নাই। ইটের খোয়া বেরিয়ে গেছে আরও সাত-আট মাস আগেই। সড়কের গর্তে পানি জমে থাকায় অটোরিকশা প্রায়ই উল্টে যায়। সড়কটির এ অবস্থা সবার চোখে পড়লেও পৌর কর্তৃপক্ষ দেখে না।’
মালগুদাম এলাকার বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘নয় মাস ধরে সড়কটি পচা ডোবায় পরিণত হয়েছে। পানি-কাদায় হাঁটা যায় না। সস্প্রতি পৌর কর্তৃপক্ষ রাস্তায় কিছু মাটি ফেলে ভোগান্তি আরও বাড়িয়েছে। মাটি আর পানি মিলে কাদায় পুরো সড়ক একাকার হয়ে গেছে।’
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘বৃষ্টির কারণে সড়কের কাজ ধরা যাচ্ছে না। তবে শিগগিরই কাজ শুরু করা হবে। ওই সড়কে ঈদের আগেও ইট ও বালি দিয়ে সংস্কার করা হয়েছিল। কিন্তু আবারও একই অবস্থা হয়েছে। ফলে পুরো সড়কের অবকাঠামো সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’