কাদা-ছোড়াছুড়ি গড়াল অস্ত্র নিয়ে সংঘর্ষে, নিহত ১
পুকুরে গোসল করছিল দুই শিশু। এ সময় দুজনের মধ্যে কাদা-ছোড়াছুড়ি হয়। এ নিয়ে দুই শিশুর পরিবারের নারীরা বিবাদে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে ওই দুই পরিবারের পুরুষ সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গত বুধবারের এ ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি।
নিহত ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের কায়েস আলী মোল্লার ছেলে।
গ্রামবাসী জানান, বুধবার বিকেলে চাঁদপুর গ্রামের বাসিন্দা আবদুল্লাহর ছেলে রানা হোসেন (১০) ও শাহাদত আলীর ছেলে সজীব হোসেন (১১) পরিবারের নারীদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন উভয় পক্ষের পুরুষ সদস্যরাও। তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় হাফিজুর রহমানসহ তিনজন আহত হন। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত হাফিজুরের অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে আটক করা হয়েছে। তবে থানায় কেউ মামলা করতে আসেনি।