কাদিপুরের হত্যাযজ্ঞের বর্ণনা দিলেন যোগেন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী যোগেন চন্দ্র পাল। জবানবন্দিতে তিনি একাত্তরে মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটের কাদিপুর গ্রামে হিন্দু-অধ্যুষিত এলাকায় হত্যাযজ্ঞের বর্ণনা দেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যোগেন চন্দ্রের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে যোগেন চন্দ্র (৬৪) বলেন, তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার কাদিপুর গ্রামের কড়ই পালপাড়ায়। মুক্তিযুদ্ধকালে বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি বাড়িতে অবস্থানকালে কাদিপুরের দিক থেকে লোকজনের চিৎকার তাঁর কানে আসে। এ সময় তিনি শোনেন, আলীম, শান্তি কমিটির লোকজন ও পাকিস্তানি সেনারা এসেছে। তিনি দেখেন, ওই লোকেরা হিন্দুদের বাড়ি থেকে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। ওই লোকদের দেখে তাঁর মনে হয়েছে, তারাই হচ্ছে আলীমের শান্তি কমিটির। তিনি ভয়ে বাড়ির পাশে একটি কবরস্থানে লুকান। এ সময় ডোম পুকুর পাড় থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনেন। লুকিয়ে থাকা অবস্থায় তিনি দেখেন, চারদিকে অগ্নিসংযোগ ও লুটপাট চলছে। সন্ধ্যায় তিনি কবরস্থান থেকে বেরিয়ে ডোম পুকুর পাড়ে গিয়ে দেখেন, শুধু লাশ আর লাশ।জবানবন্দির এ পর্যায়ে সাক্ষী কেঁদে ফেলেন। পরে তিনি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিনি কৃষ্ণ ডাক্তার, শিবেন ও তরমুজাকে চিনতে পারেন। ওই হত্যাযজ্ঞের পর তিনি ভারতে চলে যান।জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, স্বাধীনতার পর দেশে ফিরে তিনি দেখেন তাঁদের ভিটা শূন্য। প্রতিবেশী মুসলমানদের কাছে শোনেন, তাঁরা তাঁদের ঘরের টিন লুট করেছিলেন। পরে আলীমের নির্দেশে লুটের মালামাল তাঁর চাতালে জমা দিয়েছেন। দেশে ফিরে তিনি শোনেন, কাদিপুরে সেদিন ৩৭০ জনকে হত্যা করা হয়েছিল। জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন।
যোগেন চন্দ্রকে জেরার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী ভগীরথ চন্দ্র বর্মণ ও ২৫তম সাক্ষী অজিত মোহন্তও ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে একই ঘটনার প্রায় একই ধরনের বর্ণনা দেন।