কাদের খানের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া সাবেক সাংসদ এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল কাদের খানকে অস্ত্র মামলায় অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহীদুল্লাহর আদালতে গত বৃহস্পতিবার এই অভিযোগপত্র দাখিল করেন সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোক্তারুল আলম। গতকাল রোববার অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রের বিষয়ে গতকাল কোনো শুনানি হয়নি। শুনানি হবে জেলা জজ আদালতে।
ওসি বলেন, কাদের খান অবৈধ অস্ত্র ব্যবহার করতেন। সাংসদ মনজুরুল হত্যা মামলায় রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামে নিজ বাড়ির উঠানের গর্ত থেকে ছয়টি গুলি, ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাদের খানকে একমাত্র আসামি করে গত ২৫ ফেব্রুয়ারি অস্ত্র আইনে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সাংসদ মনজুরুল সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তাঁর বড় বোন ফাহমিদা বুলবুল বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মনজুরুল হত্যার দায়ে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া জেলা শহর থেকে কাদের খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২২ ফেব্রুয়ারি তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের চতুর্থ দিনের মাথায় আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।