সাংসদ মনজুরুল ইসলাম হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) শামছুজ্জোহা সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজার থেকে গতকাল রোববার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালেত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
শামছুজ্জোহা সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের আবদুল জোব্বারের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, সাংসদ মনজুরুল হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির স্বীকারোক্তি অনুযায়ী শামছুজ্জোহাকে গ্রেপ্তার করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য তাঁকে গতকাল দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের একটি সূত্র জানায়, সাংসদ মনজুরুল হত্যায় অংশ নেওয়া মেহেদী হাসান পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেন, কাদের খান অস্ত্র ও গুলি দিয়ে গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে নলডাঙ্গায় তাঁর ধান-চালের গোডাউনে তাঁদের পাঠিয়ে দেন। ওই গোডাউন দেখাশোনা করতেন কাদের খানের একসময়ের এপিএস শামছুজ্জোহা।
সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংসদ মনজুরুল ইসলাম।